Home » মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা! ইমপিচমেন্ট প্রস্তাব আনার ভাবনা!

মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা! ইমপিচমেন্ট প্রস্তাব আনার ভাবনা!

সময় কলকাতা ডেস্ক:- ভোট জালিয়াতির অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর এখন তীব্র। কংগ্রেস নেতা রাহুল গান্ধির অভিযোগের পর এবার বিরোধী জোট ‘ইন্ডিয়া’ সংসদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট নোটিশ আনার কথা ভাবছে। ঘটনার সূত্রপাত একটি সাংবাদিক বৈঠককে কেন্দ্র করে। আগস্টের শুরুতে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধি অভিযোগ করেন, নরেন্দ্র মোদি ভোট চুরি করে জিতে প্রধানমন্ত্রী হয়েছেন। গোটা দেশে বিজেপি কম করে ৭৫টা আসনে ভোট চুরি করে জিতেছে।

সেই সাংবাদিক সম্মেলনে রাহুল দাবি করেন, ছয় পদ্ধতিতে ভোটার তালিকায় কারচুপি করা হয়েছে। কোথাও একই ঠিকানায় দেখা গিয়েছে আশিজন ভোটারের নাম, আবার কোথাও একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং সেখানে কেউ থাকেন না। কোথাও আবাহ ছবি ভুল এবং একই ভোটারের একাধিক জায়গার ভোটার তালিকায় নাম থাকার প্রমাণও তুলে ধরেছিলেন রাহুল।

রবিবার সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা রাহুল গান্ধির তোলা ভোটচুরির অভিযোগ নস্যাৎ করেছে জাতীয় নির্বাচন কমিশন। পাশপাশি রাহুলকে সরাসরি আক্রমণ শানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

রাহুল গান্ধিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কুমার বলেন, তিনি যেন হলফনামা দিয়ে প্রমাণ দেন বা দেশবাসীর কাছে ক্ষমা চান। না হলে অভিযোগগুলো যে মিথ্যা তা প্রমাণিত হবে।

যদিও, পাল্টা দিতে ছাড়েনি কংগ্রেসও। সরব হয়েছেন রাহুল গান্ধি, পবন খেরারা।

এবার রাহুল গান্ধির পাশে দাঁড়িয়েছে বিরোধী শিবির।

জানা গিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার কথা ভাবছে বিরোধী ইন্ডিয়া জোট। কংগ্রেস নেতা রাহুল গান্ধি ভোট জালিয়াতির অভিযোগ তোলার কয়েক দিনের মধ্যেই এই পদক্ষেপের উদ্যোগ নেওয়া হচ্ছে।

সংবিধানের ৩২৪(৫) অনুচ্ছেদ বলছে:

প্রধান নির্বাচন কমিশনারকে সরানো যায় সুপ্রিম কোর্টের বিচারপতিদের মতো একই প্রক্রিয়ায়। অর্থাৎ সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব পাস করাতে হয়। অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারকে ইমপিচ করতে হলে সংসদের দুই কক্ষেই দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাগবে। যদিও সেই সংখ্যা বিরোধীদের নেই। বিরোধীদের এই পদক্ষেপের ফলে নির্বাচন কমিশনকে ঘিরে বিতর্ক আরও তীব্র হবে, তা কার্যত স্পষ্ট। যার অর্থ সংবিধান রক্ষার লড়াইয়ের আড়ালে বিরোধী শিবির বনাম বিজেপির মুখোমুখি সংঘাত আরও স্পষ্ট হয়ে উঠছে।

About Post Author