Home » আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা, অবসর ঘোষণা চেতেশ্বর পূজারার

আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা, অবসর ঘোষণা চেতেশ্বর পূজারার

চেতেশ্বর পূজারা

চেতেশ্বর পূজারা

দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য ছিলেন। গৌতম গম্ভীর কোচ হওয়ার পর বুঝতেই পারছিলেন আর সুযোগ আসবে না। ধারাভাষ্যকার হিসেবেই তাঁকে দেখা যেত। এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন চেতেশ্বর পূজারা।

রবিবার সমাজ মাধ্যমে অবসর বার্তায় পূজারা বলেছেন, ‘‘ভারতের জার্সি পরা, জাতীয় সঙ্গীত গাওয়া, মাঠে নেমে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা— এ সবের প্রকৃত অর্থ ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সব ভাল জিনিসই একটা সময় শেষ হয়। আমি কৃতজ্ঞচিত্তে ভারতের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সমস্ত ভালবাসা এবং সম্মানের জন্য সকলকে ধন্যবাদ।’’

দীর্ঘদিন জাতীয় দলে ব্রাত্য থাকার পর শেষমেশ অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেন টেস্টের অন্যতম সেরা ব্যাটার। ৩৭ বছর বয়সি পূজারা ভারতের হয়ে শেষ টেস্ট খেলেছেন ২০২৩-র জুন মাসে। যেটা ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ভারত হেরে গিয়েছিল সেই ম্যাচে। তারপর থেকে আর জাতীয় দলে সুযোগ পাননি।

পূজারার প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক সৌরাষ্ট্রের হয়ে ২০০৫ সালে।২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয়েছিল পূজারার।জাতীয় দলের জার্সিতে ১০৩ টেস্ট খেলে ৪৩.৬০ গড়ে ৭১৯৫ রান করেছেন। লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান অপরাজিত ২০৬। ১৯টা শতরান এবং ৩৫টা অর্ধশতরান আছে তাঁর।

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেরিয়ারের সেরা সময় কাটিয়েছেন পূজারা। বিশেষ করে ২০১৮-১৯ ও ২০২০-২১ সালে অস্ট্রেলিয়ায়, আর ২০২৩ সালের শুরুতে ঘরের মাঠে। ২০১৮-১৯ সিরিজে তিনি চার টেস্টে ৫২১ রান করেছিলেন। হয়েছিলেন সিরিজসেরাও। সেবারই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতেছিল ভারত।

রাহুল দ্রাবিড় পরবর্তী সময়ে তিনিই ছিলেন ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’। তাঁর ডিফেন্স ভাঙা ছিল কঠিন। চাপের মুখে একদিকের উইকেট কামড়ে পড়ে থাকতেন তিনি। বিদেশের মাটিতে কঠিন পরিস্থিতিতে পূজারা সবঅর্থেই পাঁচিল হয়ে ধরা দিতেন।বিশ্বের অন্যতম সেরা টেস্ট ব্যাটার ছিলেন চেতেশ্বর পূজারা, একথা নিঃসন্দেহে বলা যেতেই পারে। বিশ্বের কঠিনতম উইকেটে ভারতীয় ব্যাটাররা একে একে প্যাভিলিয়নে ফিরে যেতেন, ঠিক সেইসময় একটা দিক আগলে রাখতেন চেতেশ্বর পূজারা।

About Post Author