সময় কলকাতা ডেস্ক:- কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলা ভাষাকে অবজ্ঞার অভিযোগে রাজ্য রাজনীতি সরগরম। প্রতিবাদে একুশের মঞ্চ থেকেও সুর চড়িয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ভাষা আন্দোলনও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সাথে পায়ে পা মিলিয়ে একাধিক জেলায় বিধায়কদের নেতৃত্বে বাংলা ভাষা রক্ষার্থে আন্দোলনের ঝড়ও উঠেছে।
শুধু তাই নয় বিভিন্ন পুরসভা এমনকি গ্রাম পঞ্চায়েত অফিসের তরফেও বিজ্ঞপ্তি জারি করে বাংলা ভাষা বাধ্যতামুলক করা হয়েছিল। অর্থাৎ বাঙালি অস্মিতা’- এই শব্দ বন্ধনীটিকে হাতিয়ার করতে চেয়েছিল শাসকদল। তবে সেই আবহেই এবার ভিন্ন ছবি ধরা পড়ল জলপাইগুড়িতে।
জেলায় জেলায় চলছে রাজ্য সরকারের প্রকল্প “আমাদের পাড়া আমাদের সমাধান” ক্যাম্প। আর সেই ক্যাম্পেই এবার অবজ্ঞা করা হল বাংলা ভাষাকে।
বানারহাট ব্লকের শালবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত সংলগ্ন পূর্ব দুরামারির দেউনিয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত পাড়ায় সমাধান ক্যাম্পে দেখা গেল রাজ্য সরকারের এই “আমাদের পাড়া আমাদের সমাধান” প্রকল্প সম্পর্কিত যে কয়টি পোস্টার ও ব্যানার ঝুলছে তার সবগুলিই বড় বড় করে ইংরেজিতে লেখা। বাংলা অক্ষরের কোনও চিহ্ন দেখা যায়নি সেখানে।
স্বাভাবিকভাবেই, এই ঘটনায় প্রশ্ন উঠছে যে বাংলা ও বাঙালির অস্মিতা নিয়ে এত লড়াই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় কীভাবে একটি সরকারী প্রকল্পের যাবতীয় পরিচয় পত্র, পোস্টার ও ব্যানার থেকে গোটা বাংলা ভাষাটাই বিলীন হয়ে যেতে পারে।
তবে, মুখ্যমন্ত্রীর বাংলা ভাষা রক্ষার প্রতিশ্রুতি কী শুধুই মুখে, শুরু গুঞ্জন।
এদিকে বিষয়টি নিয়ে প্রশ্ন করতেই এড়িয়ে গিয়ে ব্লক প্রশাসনের ঘাড়েই দোষ চাপালেন গ্রামের প্রধান সহ আধিকারিক এমনকি তৃণমূল নেতৃত্ব।


More Stories
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?
ধর্নায় মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেত্রীর প্র্যাকটিস চলছে, বললেন সুকান্ত
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫