Home » ইস্টবেঙ্গলে ষষ্ঠ বিদেশি জাপানি স্ট্রাইকার, জানুন ইবুসুকির সিভি

ইস্টবেঙ্গলে ষষ্ঠ বিদেশি জাপানি স্ট্রাইকার, জানুন ইবুসুকির সিভি

ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি নিয়ে জল্পনার অবসান। জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকিকে সই করাল লাল হলুদ। সেভিয়ার মত স্পেনের নামী ক্লাবে খেলেছেন হিরোশি। ২০১৪ সালে জাপানে ফিরে আলবিরেক্স নিগাতা, ইউনাইটেড চিবা, শোনান বেলামরের মতো ক্লাবে খেলেছেন ইবুসুকি। ২০২৫-২৬ মরশুমের শেষ পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি ঘোষণা লাল হলুদ টিম ম্যানেজমেন্টের।

বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে ইবুসুকির। নিখুঁত ফিনিশ এবং হেডে গোল করার জন্য তিনি বিখ্যাত। জাপানের কাশিওয়া রিসোল থেকে ফুটবলজীবন শুরু করেন ইবুসুকি। এর পর স্পেনের ক্লাব জিরোনা এফসি-তে যোগ দেন। রিয়েল জারাগোজা বি এবং সিই সাবাদেলে লোনে খেলেছেন।

কলকাতার এই শতাব্দী প্রাচীন ক্লাবে যোগদান করেই কার্যত হুঙ্কার ছাড়লেন ইবুসুকি। তিনি বললেন, ‘এই ক্লাবের ইতিহাস যথেষ্ট সমৃদ্ধ। পাশাপাশি সমর্থকদের ভালবাসাও অকৃত্রিম। আর সেকারণেই ইস্টবেঙ্গল এশিয়া ফুটবলের অন্যতম জনপ্রিয় ক্লাব। এমন একটি সুপ্রসিদ্ধ ফুটবল ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। আশা করছি, আগামী টুর্নামেন্টগুলোয় এই ক্লাবকে জেতাতে সাহায্য করব।’

ডুরান্ড কাপের সেমিফাইনালে উঠেও ইস্টবেঙ্গলের স্বপ্নভঙ্গ হয়েছে। আইএসএলে এবার সাফল্য পেতে মরিয়া লাল-হলুদ শিবির। তাই নতুন একঝাঁক তারকাকে ইতিমধ্যেই সই করিয়েছে ইস্টবেঙ্গল। তাঁদের মধ্যে অনেকে লাল-হলুদ ভক্তকুলের নজর কেড়েছেন ডুরান্ডে। সুপার কাপে ছয় বিদেশি নিয়েই মাঠে নামতে চলেছে ইস্টবেঙ্গল।

About Post Author