Home » এসআইআর নিয়ে সময় বেঁধে দিল নির্বাচন কমিশন

এসআইআর নিয়ে সময় বেঁধে দিল নির্বাচন কমিশন

৩০ সেপ্টেম্বরের মধ্যে বিশেষ নিবিড় সমীক্ষার প্রস্তুতি শেষ করতে হবে। সিইও বৈঠকে এসআইআর নিয়ে সময় বেঁধে দিল নির্বাচন কমিশন। বার্তা একটাই, বিদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে।

দেশজুড়ে হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জন অর্থ্যাত্ স্পেশাল ইনটেনসিভ রিভিশন। সেই এসআইআর-এর প্রস্তুতিরই সময় বেঁধে দিল নির্বাচন কমিশন। ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে। সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এমনটাই নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের এই নিয়ে প্রস্তুত থাকতে বলেছে নির্বাচন কমিশন। ফলে প্রশ্ন উঠছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ হলে এসআইআর কবে থেকে হবে? সূত্র বলছে, আগামী অক্টোবর-নভেম্বর মাস থেকে এসআইআর শুরুর সম্ভাবনা রয়েছে। তাই ৩০ সেপ্টেম্বরের মধ্যে সিইও-দের প্রস্তুতি শেষ করতে বলা হয়েছে। সম্প্রতি দিল্লিতে সিইও-দের সঙ্গে বৈঠক করেছিল কমিশন। সেখানে তাঁদের এসআইআর-এর প্রস্তুতির কাজ শেষ করতে ১০-১৫ দিন সময় দেওয়া হয়। সূত্রের খবর, এ বার প্রস্তুতি শেষ করার সময়সীমা চূড়ান্ত করে দেওয়া হয়েছে। বলে রাখা ভাল, পশ্চিমবঙ্গ, দিল্লি-সহ বেশ কয়েকটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর শেষ এসআইআর-এর ভিত্তিতে তৈরি ভোটার তালিকা প্রকাশের কাজ শেষ করে ফেলেছে। যারা এখনও এই কাজ সম্পন্ন করতে পারেননি, তাদেরকেই তড়িঘড়ি প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দিয়ে দেন কমিশনের দিল্লির-কর্তারা। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বেশির ভাগ রাজ্যেই শেষবার এসআইআর হয়েছিল ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে। বাংলাতেও হয়েছিল ২০০২ সালে। বিহারে হয়েছিল ২০০৩ সালে। তবে উত্তরাখণ্ড শেষবার এসআইআর হয়েছিল ২০০৬ এবং এবং দিল্লিতে হয়েছিল ২০০৮ সালে। দেশের বাকি রাজ্যগুলিতে ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে শেষ বার এসআইআর হয়েছিল। সূত্র বলছে, দিল্লিতে হওয়া ওই বৈঠকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার মূল লক্ষ্য হিসাবে জানানো হয়েছে, ভোটার তালিকা থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বাদ দেওয়া। এর জন্য প্রত্যেক ভোটারের জন্মস্থান যাচাই করা হবে। ওই পদক্ষেপের নেপথ্যে কমিশনের মতে, সম্প্রতি একাধিক রাজ্যে বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীর খোঁজ পাওয়া গিয়েছে। অনেকের নাম ভোটার তালিকায় রয়েছে এমন অভিযোগও এসেছে। ২০২৬ সালে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, পুদুচেরি এবং তামিলনাড়ুতে বিধানসভা ভোট রয়েছে। অনেকে মনে করছেন, ওই নির্বাচনের আগে কমিশনের এসআইআর করার সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ। গতমাসেই বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জনের কাজ মিটিয়েছে কমিশন। যা নিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টে মামলাও চলছে। পড়শি রাজ্যে এসআইআর-এর পর একটি খসড়া তালিকা প্রকাশ করেছে সে রাজ্যে সিইও দফতর। চূড়ান্ত তালিকা প্রকাশ হবে পয়লা অক্টোবর। তাতে যেন কোনও ভুল না থাকে, সেই নিয়ে আগে কমিশনকে সমঝে দিয়েছে শীর্ষ আদালত। এছাড়াও, বেশ কিছু নিয়ম-নীতি চাপিয়েছে তারা। যার মধ্যে অন্যতম ১২ তম নথি হিসাবে আধার কার্ডকে গুরুত্ব প্রদান। এই নিয়ে চূড়ান্ত শুনানি হবে ৭ই অক্টোবর। তার আগে এসআইআর নিয়ে বড় ঘোষণার সম্ভবনা রয়েছে নির্বাচন কমিশনের দিক থেকেও।

About Post Author