পূ্র্ণশক্তির দল নিয়েই রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে উত্তরাখণ্ডের বিরুদ্ধে খেলতে নামছে বাংলা। সোমবার সকালে ইডেনে বাংলা দলকে তাতিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । বাংলার অনুশীলনে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি। অভিমন্যু ঈশ্বরণদের পেপ টক দিলেন মহারাজ।
সোমবার অনুশীলন করছেন আকাশ দীপও। নেটে বেশ কিছুক্ষণ বল করার পরে তিনি ব্যাটও করেন। সৌরভের সঙ্গেও বেশ কিছুক্ষণ কথা বলেন আকাশ। মঙ্গলবার দলের অনুশীলনে যোগ দেবেন শামি। সৌরভ মাঠে আসতেই চাঙ্গা হয়ে যান বাংলার ক্রিকেটারেরা।
সৌরভ বলেন, সারা বছর একসঙ্গে অনুশীলন করে, পরশু থেকে মরশুম শুরু করছে। আমি এসেছিলাম ক্রিকেটারদের শুভেচ্ছা জানাতে। ঈশ্বরণের সঙ্গে অধিনায়কত্ব নিয়ে কোনও কথা হয়নি। আমি জিজ্ঞেস করছিলাম কী দল খেলাবে। শামি-আকাশদীপরা রয়েছেন মুকেশ থাকলে আরও ভালো হত। সবাই ভারতে খেলে, ফলে রঞ্জিতে হোম অ্যাওয়ে খুব বেশি ফ্যাক্টর করে না।
আসন্ন রঞ্জিতে বাংলার সম্ভবনা প্রসঙ্গে আকাশদীপ বলেন, “সবাই জানে বাংলা সব সময় আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামে। আমাদের শক্তি হল শৃঙ্খলা। দুর্ভাগ্যের বিষয় হল গত ৫ বছরে আমরা ট্রফি জিততে পারিনি। দু’বার কাছাকাছি গিয়েও জিততে পারিনি। কিন্তু অতীতে আমরা খারাপ খেলিনি। আসন্ন মরশুমেও এই শৃঙ্খলাকেই ধরে রাখতে চাই। বাংলার হয়ে রনজি জয় আমার স্বপ্ন।”
আকাশ দীপ আরও বলেন, “শামির সঙ্গে প্রথমবার খেলব। খেলার পর বুঝতে পারব কেমন লাগছে। এত বড় একজন খেলোয়াড়! আশা করি ওর কাছে খুঁটিনাটি অনেক কিছু শিখব। ক্রিকেট থেকে অনেক দূরে থাকার সময়টাকে ও যেভাবে কাজে লাগিয়েছে, সেটাও শেখার মতো।”


More Stories
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
কুপার কনোলি জেতালেন পাঞ্জাবকে