Home » জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য বাগানের, লাল হলুদের কঠিন পরীক্ষা

জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য বাগানের, লাল হলুদের কঠিন পরীক্ষা

সুপার কাপের দ্বিতীয় ম্যাচে আজ চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। অন্যদিকে মোহনবাগান খেলতে নামছে ডেম্পোর বিরুদ্ধে। প্রথম ম্যাচেই মোহনবাগান সুপার জায়ান্ট বুঝিয়ে দিয়েছে, কাপ জয়ের লক্ষ্য নিয়েই এই টুর্নামেন্টে খেলতে এসেছে তারা। দুরন্ত ফর্মে রয়েছে তারা। প্রথম ম্যাচে প্রাকৃতিক বাধা না থাকলে হয়তো আরও বেশি গোলে জিতে গোলপার্থক্য বাড়িয়ে রাখতে পারত তারা। মঙ্গলবার  একটু ভাল আবহাওয়া ও মাঠ পেলে ডেম্পোকে হয়তো সহজেই হারাতে পারে তারা।

মোহনবাগান শিবিরে চোট নিয়ে উদ্বেগ। রবিবার অনুশীলন করার সময় চোট পান দীপক টাংরি। যদিও চোট পেয়েও পরের দিনই অনুশীলনে হাজির হলেন দীপক টাংরি। সতীর্থকে নিয়ে মাতলেন জেসন কামিংস ও শুভাশিস বসু।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আইএসএলের চেনা প্রতিপক্ষ চেন্নাইন এফসি-কে হারিয়ে যেখানে তিন পয়েন্ট অর্জন করে গ্রুপ শীর্ষে রয়েছে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট, সেখানে আই লিগের ক্লাব ডেম্পো এসসি-র বিরুদ্ধে ড্র করে এক পয়েন্ট নিয়ে কিছুটা পিছিয়ে পড়েছে লাল-হলুদ বাহিনী।

ফলে নক আউট পর্বে উঠতে গেলে মঙ্গলবার তাদের দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া উপায় নেই ইস্টবেঙ্গলের। শুধু তা-ই নয়, শুক্রবার গ্রুপের শেষ ম্যাচ কলকাতা ডার্বিতেও জিততে হবে তাদের। কারণ, গ্রুপ থেকে একটিই দল সেমিফাইনালে উঠবে।

ডার্বির আগের ম্যাচ জিতে মোহনবাগান সুপার জায়েন্টের বিরুদ্ধে আত্মবিশ্বাস নিয়ে নামতে মরিয়া লাল-হলুদ কোচ। বলেন, ‘আমি সব কিছু একসঙ্গে গুছিয়ে একটা সুন্দর খেলা খেলতে চাই এবং ডার্বির জন্য সর্বোচ্চ আত্মবিশ্বাস নিয়ে নামতে চাই। আমরা এখনো টুর্নামেন্টে টিকে রয়েছি, ছিটকে যাইনি এবং আমরা লড়াই চালিয়ে যাবো, পরের রাউন্ডে ওঠার জন্য চেষ্টা করব।২০১০ সালের বিশ্বকাপে স্পেনও প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে হেরে গিয়েছিল। সেই স্পেনই কিন্তু বিশ্বকাপ জিতেছিল। ‘

 

About Post Author