দীপ সেন ও পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ৭নভেম্বর : যা গুঞ্জন ছিল তা কাগজে কলমে বাস্তব হল। বিগত দুদিন ধরেই শোনা যাচ্ছিল বারাসাত পুরসভার পুরপ্রধান বদল হতে চলেছেন।অবশেষে হলই তাই। বাম শাসিত পুরসভা পতনের পরে, ২০২২ সাল পর্যন্ত একটানা ১২ বছর পুরপ্রধান থাকা সুনীল মুখোপাধ্যায় আবার বারাসাত পুরসভার সর্বোচ্চ পদাধিকারীর চেয়ারে বসছেন। তিনি এলেন অশনি মুখোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হয়ে। তৃণমূল দলীয় নেতৃত্ব সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয় শুক্রবার বিকেলে।
২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত নবগঠিত বারাসাত পুরবোর্ডের চেয়ারম্যান ছিলেন অশনি মুখোপাধ্যায়। সুনীল মুখোপাধ্যায়ের হাতে দল দায়িত্ব তুলে দেওয়ার ঘন্টা দুয়েক আগে বারাসাতের সংসদ কাকলি ঘোষ দস্তিদার জানান, অশনি মুখোপাধ্যায় পদত্যাগ করছেন। প্রায় সাথে সাথে অশনি মুখোপাধ্যায় সামাজিক গণমাধ্যমে পোস্ট করেন, দলের অনুশাসন মেনে দলের নির্দেশে তিনি বারাসাত পুরসভার চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি তাঁর ইস্তফা পত্র তুলে দেন বারাসাত পুরসভার ভাইস চেয়ারম্যান তাপস দাশগুপ্তের হাতে। কিছুক্ষণের মধ্যেই তাপস দাশগুপ্ত জানান, আবার বারাসাত পুরসভার পুরপ্রধানের দায়িত্ব পদে ফিরলেন সুনীল মুখোপাধ্যায়।
এক কথায়, ২০২৬ সালের বিধানসভা ভোটের দিকে তাকিয়ে এই পদক্ষেপ। ২০২৪ সালের লোকসভা ভোটে যে পুরসভাগুলিতে তৃণমূল পিছিয়ে ছিল সেই পুরসভা গুলির ময়নাতদন্ত করে নাগরিক পরিষেবা দান ও জনসংযোগকে প্রাধান্য দিতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব রদবদল ঘটিয়ে চলেছে। ২০২৪ সালের লোকসভা ভোটে ৬৯ টি পুরসভা এলাকায় বিজেপির চেয়ে তৃণমূলের পিছিয়ে থাকার পরে তৃণমূল নেতৃত্ব পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পারফরম্যান্সের সমীক্ষা করে। ৪২ টি পুরসভা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নজরে ছিল যার মধ্যে অন্যতম বারাসাত পুরসভা, পথ প্রস্তুত হচ্ছিল। সেই পথ ধরেই গমন অশনি মুখোপাধ্যায়ের, আগমন সুনীল মুখোপাধ্যায়ের।


More Stories
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫