Home » দলে সামান্য বদল, ভারতের মুঠোয় ম্যাচ ও সিরিজ, চিন্তা সূর্য

দলে সামান্য বদল, ভারতের মুঠোয় ম্যাচ ও সিরিজ, চিন্তা সূর্য

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৯ ডিসেম্বর : দলে সামান্য পরিবর্তন হতেই স্বমহিমায় ভারত। অনায়াস আধিপত্য দেখিয়ে ম্যাচ ও সিরিজ ভারত মুঠোবন্দি করল পরিবর্তনের ছোঁয়ায়। আমেদাবাদে সিরিজের পঞ্চম ম্যাচে ৩০ রানে জিতে, দক্ষিণ আফ্রিকাকে ৩ -১ ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত।

শুভমান গিলের বদলে ওপেনে দীর্ঘদিন বসিয়ে রাখা সঞ্জু স্যামসন ফিরতেই ভারতীয় দলের চেহারা গেল বদলে। অভিষেক -স্যামসনের পুরনো জুটি ৫. ৪ বলে ৬৩ রান তুলে নিল। স্যামসন ২২ বলে ৩৭ ও অভিষেক ২১বলে ৩৪ করে ভিত গড়ে দিলেন যার উপরে দাঁড়িয়ে তিলক -হার্দিক ধ্বংসলীলা চালালেন। তিলক করলেন ৪২ বলে ৭৩ আর হার্দিক প্রথম বলে ওভার বাউন্ডারি মেরে সেই যে শুরু করেছিলেন – শেষ পর্যন্ত ২৫ বলে ৬৩ রান করে থামলেন। ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধশত রানের কৃতিত্ব যুবরাজ সিংয়ের। এই রেকর্ড ভাঙতে না পারলেও দ্বিতীয় দ্রুততম অর্ধশত রান করলেন হার্দিক। একটা সময় তিনি চারশোর চেয়ে বেশি স্ট্রাইক রেটে খেলছিলেন। নির্ধারিত কুড়ি ওভারে  ভারত ২৩১ রান ৫ উইকেটে তুলে নেওয়ায় দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য কঠিন ছিল। চেষ্টা করেছিলেন কুইন্টন ডি কক ও ব্রেভিস। তাঁরা ফিরতেই দক্ষিণ আফ্রিকা ভেঙে পড়ে। শেষ পর্যন্ত ২০১ রানের বেশি তোলা তাদের পক্ষে সম্ভব হয়নি। বল হাতে ৪ উইকেট নিয়ে বরুণ চক্রবর্তী যথারীতি ঘাতক হয়ে উঠলেও তিনি চার ওভারে ৫৩ রান দিয়েছেন। তবে অনেকদিন পরে ভারতীয় আক্রমণের  সেরা বোলারকে দেখা গেল স্বমহিমায় ।  পারিবারিক সমস্যা কাটিয়ে এই ম্যাচে ফিরে আসা বুমরাহ হয়ে ওঠেন ভারতের তুরুপের তাস। চার ওভারে মাত্র ১৭ রান খরচ করে দুটি উইকেট তুললেন তিনি। সঞ্জু ও বুমরার ফিরে আসা এবং তিলক- হার্দিকের  বিধ্বংসী ব্যাটিংয়ে ভারত জিতলেও প্রশ্ন থেকে গেল সূর্য কুমার যাদব কে নিয়ে। অধিনায়ক এ ম্যাচেও ব্যর্থ। ৭ বলে ৫ রান করে তিনি নিজের ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখলেন। বাকি ব্যাটসম্যানরা দুরন্ত হয়ে উঠলেও লুকিয়ে রাখা যাচ্ছে না সূর্যকে। বিশ্বকাপের আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তার কারণ সূর্যকুমার।।

About Post Author