Home » অর্জুন -পবন কি বিধানসভায় নজির গড়বেন?

অর্জুন -পবন কি বিধানসভায় নজির গড়বেন?

Oplus_131072

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা , ১৯ মার্চ : ৭৪ বছর কেটেছে। এমনটা খুব একটা হয় নি এবার যেরকম হওয়ার যথেষ্ট সম্ভাবনা তৈরী হয়েছে। পশ্চিমবঙ্গের  প্রথম বিধানসভা গঠিত হয়েছিল ১৯৫২ সালের জানুয়ারি- ফেব্রুয়ারি মাসে। ২০২৬ সালের মে মাসে বঙ্গের অষ্টাদশ বিধানসভা গঠিত হতে চলেছে। এই ৭৪ বছরে একসাথে পিতাপুত্রকে খুব বেশি একটা বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নিতে দেখেনি বঙ্গ। সাম্প্রতিক সময় তো নয়ই। এবার তেমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই যুগ পরে ইতিহাস রচনা হতে পারে। দেখার, অর্জুন -পবন কি বিধানসভায় একযোগে যেতে পারেন!

অতীতে বিক্ষিপ্ত নজির থাকলেও সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসে বাবা ও ছেলের একই সঙ্গে সদস্য হওয়ার ঘটনা বিরল। তবে বিগত নির্বাচনে পিতা ও সন্তানের একসাথে শপথ গ্রহণ করার দৃষ্টান্ত আছে । ২০২১ সালের নির্বাচনে একই সঙ্গে বাবা ও মেয়ে দুলাল দাস ও রত্না চট্টোপাধ্যায়ের শপথ নেওয়ার ঘটনাটি বিশেষভাবে চর্চিত হলেও অতীতে এবং বর্তমানে বাবা-ছেলের রাজনৈতিক উত্তরাধিকার ও একই কক্ষের সদস্য হওয়ার কিছু উল্লেখযোগ্য দৃষ্টান্ত রয়েছে। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে  শিশির অধিকারী এগরো থেকে এবং শুভেন্দু অধিকারী দক্ষিণ কাঁথি থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। ২০ বছর পরে কি অর্জুন -পবনকে একসাথে বিধানসভায় দেখা যাবে?

২০২৬ সালের বিধানসভা নির্বাচন আসন্ন।তৃণমূল ইতিমধ্যেই তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। বিজেপিও তাদের প্রথম তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে পবন সিংয়ের নাম ঘোষিত হয়েছে। পবন সিং কে রাজনীতিতে মানুষ চেনে অর্জুন সিংয়ের পুত্র হিসেবেই। অতীতে অর্জুন সিং বিধায়ক ছিলেন। পবন সিংও বিধানসভার সদস্য হয়েছেন কিন্তু ততদিনে অর্জুন সিং সংসদীয় নির্বাচনের মুখ হয়ে উঠেছেন। সাংসদও হয়েছেন অর্জুন সিং। ২০২৪ সালের নির্বাচনে তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে পরাজিত হন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্র থেকে। অর্জুন সিং নিজের বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হলে এবং পবন সিং ভাটপাড়া কেন্দ্রটি ধরে রাখতে পারলে পশ্চিমবঙ্গের ৭৪ বছরের বিধানসভার সাম্প্রতিক ইতিহাসে নতুন নজির তৈরি হবে।

বঙ্গে একই সাথে পরিবারের একাধিক সদস্যকে বিধানসভায় দেখা গিয়েছে। পিতা পুত্রকে দেখা গিয়েছে। মেদিনীপুরের অধিকারী পরিবারের কথা এ পর্যন্ত উল্লেখযোগ্য তবে শিশির অধিকারী যখন সাংসদ ছিলেন তখন তার পুত্র বিধানসভায় বিচরণ করেছেন। এরকম একাধিক দৃষ্টান্ত রয়েছে।

ভারতবর্ষে সাম্প্রতিক সময়ে একই বিধানসভায় পিতা পুত্রর শপথ গ্রহণ নজিরবিহীন নয়। হিমাচল প্রদেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং এবং তাঁর পুত্র বিক্রমাদিত্য সিং একই সাথে হিমাচল প্রদেশ বিধানসভার সদস্য হিসেবে ২০১৭ সালে নির্বাচিত হয়েছিলেন। বীরভদ্র সিং ছিলেন আরকি কেন্দ্রের বিধায়ক এবং বিক্রমাদিত্য শিমলা গ্রামীণ থেকে জয়ী হন। ২০২৩ সালের নির্বাচনে কর্ণাটক বিধানসভায় একাধিক বাবা-ছেলের জুটি দেখা গেছে। কংগ্রেসের এম. কৃষ্ণাপ্পা ও তাঁর পুত্র প্রিয়া কৃষ্ণ একই সাথে যথাক্রমে বিজয়নগর ও গোবিন্দরাজনগর থেকে জয়ী হন। এছাড়াও প্রবীণ নেতা শামানুর শিবশঙ্করপ্পা এবং তাঁর পুত্র এস.এস. মল্লিকার্জুনও একই বিধানসভার সদস্য হয়েছেন।পুদুচেরিতে ২০২১ সালে বিজেপি প্রার্থী হিসেবে এ. জনকুমার এবং তাঁর পুত্র রিচার্ড জনকুমার দুজনেই  বিধানসভায় নির্বাচিত হন। এখন দেখার বঙ্গের অর্জুন -পবন কি বিধানসভায় একযোগে যাচ্ছেন?

About Post Author