সময় কলকাতা ডেস্ক, ২১ জুলাই : শিক্ষা দুর্নীতি নিয়ে সরব ছাত্র-ছাত্রীদের পাশে এসে দাঁড়াচ্ছেন সেলিব্রিটিরা। শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি নিয়ে মুখর ছাত্র-ছাত্রীদের উপরে যন্তরমন্তরে এবং সংসদ অভিযান কালে পুলিশের দমননীতির প্রতিবাদে এবার গর্জে উঠলেন ভারতখ্যাত সংগীতশিল্পী অরিজিৎ সিং। রাজনীতিবিদ এবং প্রশাসনের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, আপনারা কি নিজেদের ভগবান ভাবছেন?

মঙ্গলবার সকালে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে অরিজিৎ সিং লেখেন, “এবার তো আপনারা এখানে ছাত্র-ছাত্রীদের মারধরও করছেন। আপনাদের কি একটুও লজ্জা করছে না?” গায়কের এই ক্ষোভ সাময়িক কোনও অসন্তোষের ফল নয়, বরং সাম্প্রতিক সময়ে তরুণ প্রজন্মের ওপর ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে এক পুঞ্জীভূত ক্ষোভের বহির্প্রকাশ, বলেই অনুমান নেটপাড়ার।

নিজের পোস্টে দেশের রাজনৈতিক নেতৃত্ব ও প্রশাসনকে সরাসরি নিশানা করেছেন অরিজিৎ। তিনি লেখেন, “হ্যালো নেতা, মন্ত্রী !! এসব কী চলছে ভাই!! নিজেদের কি ভগবান ভেবে নিয়েছেন নাকি…?” পাওয়ার বা ক্ষমতার অপব্যবহার নিয়ে বরাবরই সাধারণ মানুষের মধ্যে এক ধরনের বিরক্তি কাজ করে। দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সেই সাধারণ মানুষের সুরেই প্রশ্ন তুলেছেন অরিজিৎ। প্রশাসন যেভাবে আন্দোলনরত বা প্রতিবাদী শিক্ষার্থীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে, তাকে কড়া ভাষায় আক্রমণ করে গায়ক স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন—জনপ্রতিনিধিদের ক্ষমতা চিরস্থায়ী নয় এবং তাঁরা জনগণের ঊর্ধ্বে নন।।
#অরিজিৎসিং


More Stories
ছাত্র-যুবদের সংসদ অভিযান ঘিরে উত্তেজনা,লাঠিচার্জ : আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হল সরকার
সোনম ওয়াংচুকের স্বাস্থ্য নিয়ে দিল্লি হাইকোর্টের নির্দেশ
চম্পটরত ধ র্ষ *ণ-খু *নে অভিযুক্তকে পুলিশের গুলি