পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ৩০ জুলাই : অধিনায়ক হিসেবে অখ্যাত ভারতীয় ক্রিকেট বাহিনীকে নিয়ে অজিদের ঘরের মাঠে অজি দর্প চুরমার করেছিলেন তিনি। তবে ২০২৩ সাল বা তার আগে তার ব্যাটিং ফর্মে কিছুটা খরা নেমে আসে। গত কয়েকবছর ধরেই তিনি ব্রাত্য ছিলেন নির্বাচকদের চোখে। শচীন, সৌরভ, দ্রাবিড়, লক্ষ্মণ – ফ্যাব ফোরের বিদায়ের পরবর্তী সময় যে চার ক্রিকেটার ভারতীয় ব্যাটিং লাইনআপ কে নির্ভরতা দিয়েছিলেন তার অন্যতম ছিলেন তিনি। এঁদের মধ্যে আগেই বিদায় নিয়েছেন চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি একদিনের ক্রিকেট সফল ভাবে খেলে চলেছেন, রোহিত শর্মা এসে দাঁড়িয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটার প্রান্তসীমায়। অবশেষে তিনিও বিদায় নিলেন। রাহানের প্রস্থান ঘটল আন্তর্জাতিক ক্রিকেট থেকে, তিনি জানিয়ে দিলেন এবার বিদায় জানানোর পালা।
অজিঙ্কা মধুকর রাহানে টেস্ট ক্রিকেটের ব্যাটসম্যান হিসেবে তাঁর দক্ষতা প্রশ্নাতীত। মুম্বাই ঘরানার প্রথাগত টেকনিক্যাল ব্যাটসম্যান ছিলেন তিনি।ভারতীয় টেস্ট ক্রিকেটের ৯০ বছরের বেশি সময় ধরে পথ চলার ফাঁকে , রানের নিরিখে ব্যাটসম্যানদের যে পাঁচ হাজারী ক্লাব তৈরি হয়েছে তাঁর মুষ্টিমেয় সদস্যের মধ্যে তিনিও একজন।৮৫ টি টেস্টে ৫০৭৭ রান করেছেন,১২ টি সেঞ্চুরি রয়েছে তার। ৯০ টি একদিনের ম্যাচে তিনটি শতরান করেছেন। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি সে অর্থে সাফল্য পাননি। তবে ক্রিকেট জীবনের শেষ পর্বে এসে আইপিএলে নিজেকে আক্রমণাত্মক ঢঙে মেলে ধরতেও কসুর করেননি রাহানে।
প্রসঙ্গত রাহানেকে ব্যাটসম্যান হিসেবে শুধু নয়, তাঁর সাফল্য ভারতীয় ক্রিকেট মনে রাখবে সফল অধিনায়ক হিসেবেও । ভারতীয় টেস্ট ক্রিকেটে প্রথম সফল অধিনায়ক হিসাবে স্বীকৃতি দেওয়া হয় মনসুর আলী খান পতৌদিকে। তবে রেকর্ড ধরলে বলতে হয় টেস্টে ভারতের সর্বকালের সফলতম অধিনায়করা হলেন যথাক্রমে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি এবং সৌরভ গাঙ্গুলী। তবে স্বল্পকালের অধিনায়কত্বে এদের চেয়েও সফল অজিঙ্কা মধুকর রাহানে। হতে পারেন স্টপগ্যাপ ক্যাপ্টেন, কিন্তু ভাঙাচোরা দল নিয়েও সাফল্য এনে দিয়েছেন তিনি। ক্রিকেট বিশ্লেষকরা বলেন, ধোনির চেয়েও ঠান্ডা মাথার অধিনায়ক অজিঙ্কা রাহানে। তার অধিনায়কত্বের তীক্ষ্ণ মেধার সবচেয়ে বড় উদাহরণ ২০২০-২১ সালের ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর। অধিনায়ক হিসেবে যে দল নিয়ে তিনি অস্ট্রেলিয়া গিয়েছিলেন সেই দলে তারকা সে অর্থে কম ছিল। উঠতি তারকা বলতে শুভমান গিল, ঋষভ পন্থের মত হাতেগোনা ক্রিকেটার। অস্ট্রেলিয়ার সবুজ উইকেটে ভারতের পেস বোলিং ইউনিট একদম আনকোরা। সিরাজের সবে সবে উত্থান ঘটেছে। শারদুল ঠাকুর আর সদ্য নবাগত নটরাজনদের নিয়ে অজি স্লেজিং এবং অজি দর্প চূর্ণ করে ২-০ ব্যবধানে চার টেস্টের সিরিজ জিতে নেন রাহানে। বর্ডার -গাভাস্কার সিরিজের সমগ্র সাফল্যের আগেও অস্ট্রেলিয়াকে ২০১৭ সালের ধরমশালা টেস্টে হারানোর সময় অধিনায়ক ছিলেন তিনি। আফগানিস্তানের বিরুদ্ধেও জয় এসেছিল তাঁর হাত ধরেই।৬ টি টেস্টে অধিনায়কত্ব করে ৪ টিতে জয়, যার মধ্যে তিনটি শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। একটি টেস্টও হারেননি তিনি। অধিনায়ক হিসেবে বিরাট কোহলির চেয়েও সফল রাহানে। ব্যাটার হিসেবে ভারতীয় ক্রিকেটে রাহানের অবদান মনে রাখার পাশাপাশি অধিনায়ক হিসেবেও তাঁর অবদান ভোলার নয়।।
রাহানের প্রস্থান #অজিঙ্কারাহানে


More Stories
অস্ট্রেলিয়ায় ৫৪ রানে খতম বাংলাদেশ, ইনিংসে হার, অখ্যাত তরুণের ৮ উইকেট
লিগের খেলা সুসম্পন্ন করে বারাসাত স্টেডিয়াম দিল ডার্বির বার্তা
মহামেডানের ভন্ডুল ম্যাচের দায়িত্ব পেল বারাসাত