পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা : ভারত সবাইকে চমকে দিয়েছে কান্তিরাভা স্টেডিয়ামে। ১৪ জন বিশ্বকাপ খেলা খেলোয়াড় সমৃদ্ধ পানামাকে রীতিমতো বেগ দিয়েছে ভারত। শুক্রবার রাতে বেঙ্গালুরুতে ভারত বনাম পানামা আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর আয়োজিত সাংবাদিক সম্মেলনে পানামার প্রধান কোচ থমাস ক্রিশ্চিয়ানসেন (Thomas Christiansen) ভারতীয় দল তথা ব্লু টাইগার্সদের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন। স্বাভাবিকভাবেই বিশ্বকাপ খেলে আসা এবং ভারতের থেকে বিশ্বকাপ ফুটবলে ৯৪ ধাপ এগিয়ে থাকা পানামার সঙ্গে ভারতের লড়াই ছিল কৃতিত্বের। পানামার কোচের চোখে ভারত ভালো খেলেছে ।ম্যাচ-পরবর্তী এবং ম্যাচ-পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ভারতীয় ফুটবল নিয়ে ঠিক কি বলেছেন তিনি? ভারতকে পানামার কোচের পরামর্শ ঠিক কী ছিল?
উল্লেখ্য, ভারতীয় দলের প্রশংসা করে ম্যাচ শেষে কোচ থমাস ক্রিশ্চিয়ানসেন ভারতীয় দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেন। বিশেষ করে ভারতের হয়ে গোল করা ভারতের নাগরিকত্ব পাওয়া একদা বিদেশি ফুটবলার রায়ান উইলিয়ামসের খেলার প্রভাব এবং পারফরম্যান্স আলাদাভাবে উল্লেখ করেন তিনি। ভারতের কম্প্যাক্ট ডিফেন্সের কথাও তিনি উল্লেখ করেন। তাঁর মতে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সঠিক পদক্ষেপ নিচ্ছে ভারত,এই আন্তর্জাতিক উইন্ডোতে পানামা, ব্রাজিল ও উরুগুয়ের মতো তিনটি বিশ্বকাপ খেলা শক্তিশালী দলের মুখোমুখি হচ্ছে। পানামা কোচের মতে, এটি ভারতের জন্য দুর্দান্ত একটি সিদ্ধান্ত। এর ফলে ভারতীয় দল বুঝতে পারবে তারা বর্তমানে বিশ্ব ফুটবলের কোন স্তরে দাঁড়িয়ে আছে এবং বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হলে তাদের কোন কোন জায়গায় উন্নতি করতে হবে।ভারতের ফুটবলের পরিকাঠামো নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, শুধু বড় দলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেললেই উন্নতি সম্ভব নয়। এর জন্য দেশের অভ্যন্তরীণ লিগ ব্যবস্থার মান বাড়াতে হবে, ভালো সুযোগ-সুবিধা তৈরি করতে হবে এবং উন্নতমানের কোচিংয়ের মাধ্যমে তৃণমূল স্তরের তরুণ খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি বিকাশ ঘটাতে হবে।ক্রিকেটের সঙ্গে লড়াইয়ের প্রসঙ্গও উঠে আসে তাঁর কথায়। পানামার কোচ মনে করিয়ে দেন যে, ভারতে ক্রিকেটের যে বিপুল জনপ্রিয়তা রয়েছে, একসময় পানামাতেও বেসবল নিয়ে ঠিক একই রকম উন্মাদনা ছিল। ফুটবলকে উচ্চ স্তরে নিয়ে যেতে হলে এই ধরণের জনপ্রিয় খেলার জনপ্রিয়তার সাথে লড়াই করেই ফুটবল সংস্কৃতি গড়ে তুলতে হয় এবং পানামা ঠিক এই পথেই আজ সফল হয়েছে। এখন দেখার ভারতের এই প্রাথমিক সাফল্যের পরে ব্রাজিল -উরুগুয়ের বিরুদ্ধে ভারত কতটা লড়াই দেয় এবং পানামা কোচের পরামর্শ ভারতীয় ক্রীড়া প্রশাসকদের কতটা কানে ঢোকে ।।
ভারতকে পানামার কোচের পরামর্শ #থমাসক্রিশ্চিয়ানসেন #ThomasChristiansen


More Stories
কবাডিতে সোনা আনল মেয়েরা
বাংলার খুদে মেয়েরা ফুটবলে ভারত চ্যাম্পিয়ন
শিল্ডে ইস্টবেঙ্গলের কষ্টার্জিত জয়