Home » ঝড়ে ভেঙে পড়ল বারাসাতের কালীপুজোর ওভারহেড গেট

ঝড়ে ভেঙে পড়ল বারাসাতের কালীপুজোর ওভারহেড গেট

দীপ সেন, সময় কলকাতা, ২৮ অক্টোবর : কথায় আছে, যত গর্জায় তত বর্ষায় না। পুলিশের ঢক্কানিনাদই সার।বারাসাত পুলিশ প্রশাসন অনেক মৌখিক সতর্কতা জারি করলেও তাদের বিধি নিষেধকে তোয়াক্কা করা হয় নি।কালীপুজোর ওভারহেড গেট নিয়ে পুলিশকে বুড়ো আঙ্গুল দেখালেও ঝড়কে বুড়ো আঙ্গুল দেখানো সম্ভব হয় নি। মঙ্গলবার আচমকা কয়েক মিনিটের ঝড়ে ভেঙে পড়ল বারাসাতের ঐতিহ্যশালী কালীপুজোর সংগঠক শতদল ক্লাবের পুজো উপলক্ষে টাকি রোডের উপর নির্মিত ওভারহেড গেট। কপালজোরে বড় দুর্ঘটনার হাত থেকে নিস্তার পেয়েছে বারাসাতবাসী।

২৬ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর। মাত্র ৩৩ দিনের ব্যবধান । ঘটনাস্থল প্রায় একই, সেই টাকি রোড। খালি পুজো পাল্টেছে।  দুর্গাপুজোর বদলে কালীপুজো  । পুজো মন্ডপে ঢোকার মুখে রাস্তার উপরে নির্মিত ক্লাবের ওভারহেড গেট ভেঙে পড়ল। দুর্গাপুজোয় একজন টোটো চালক গুরুতর আহত হয়েছিলেন।কালীপুজোয় একটি স্কুটি চুরমার হলেও হতাহতের খবর নেই। তবে টাকি রোডের মাঝখানে গেট ভেঙে পড়ায়  যান বাহন চলাচলে বিঘ্ন ঘটেছে বেশ কিছু সময় ধরে। তবুও প্রশ্ন সতর্কতা ও শুভবুদ্ধির উন্মেষ ঘিরে।

উল্লেখ্য,বারাসাতের পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া আগেই বলেছিলেন, ওভারহেড গেট করার ব্যাপারে নিষেধাজ্ঞা থাকলেও অনেক ক্লাব তা মানছে না।দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আইনিভাবে। অথচ ক্লাব বলছে তাদের এ নিয়ে প্রশাসন কিছুই জানায়নি। শতদল ক্লাবের তরফে তাদের এক কর্মকর্তা বঙ্কিম ভট্টাচার্য জানালেন, তাঁরা লুকিয়ে চুরিয়ে কিছু করেন নি। অনেকেই রাস্তার উপরে ওভারহেড গেট করেছিল।তাঁরাও করেছিলেন। প্রশাসন তাদের এ নিয়ে কোনও সতর্কতাই জারি করেনি । পুলিশ প্রশাসন সর্তকতা জারি করুক বা না করুক- একটির পরে একটি ওভারহেড গেট জনিত  দুর্ঘটনা  ক্লাব কর্তৃপক্ষের কবে হুঁশ ফেরাবে তা নিয়ে উঠছে প্রশ্ন।

 

About Post Author