১০০ দিনের কাজ নিয়ে হওয়া মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল কেন্দ্রের মোদি সরকার। হাইকোর্টের নির্দেশই বহাল রাখল দেশের শীর্ষ আদালত। গত ১ আগস্ট থেকে রাজ্যে ১০০ দিনের কাজ শুরু করতে বলেছিল হাইকোর্ট। উচ্চ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে গিয়েছিল কেন্দ্রীয় সরকার। সোমবার সুপ্রিম কোর্টে দুই বিচারপতির বেঞ্চ কেন্দ্রের আবেদন খারিজ করে দেয়। কেন্দ্রের উদ্দেশে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চের মন্তব্য, আপনারা মামলা তুলে নেবেন, না কি আমরা খারিজ করব? তার পরেই আদালত মামলাটি খারিজ করে দেয়।
তিন বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা ১০০ দিনের কাজের প্রকল্প ফের শুরু হচ্ছে। হাইকোর্টের নির্দেশ বহাল রেখে সোমবার কাজ চালু রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এর ফলে ১০০ দিনের কাজ নিয়েও বাধা কাটল। রাজ্যে গত তিন বছর ধরে ১০০ দিনের কাজ বন্ধ হয়ে রয়েছে, যা নিয়ে সরব বাংলার শাসকদল তৃণমূল। কিন্তু এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় টাকা কেন্দ্রীয় সরকার আটকে দিয়েছে। অভিযোগ, পশ্চিমবঙ্গে কেন্দ্রের দেওয়া ১০০ দিনের কাজের টাকা নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে। প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে ওই টাকা অন্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে।
এই যুক্তিতেই এ রাজ্যে ১০০ দিনের কাজের বরাদ্দ টাকা আটকে রেখেছিল কেন্দ্র। এর আগেই গত জুন মাসে কলকাতা হাইকোর্ট রাজ্যের পক্ষে রায় দিয়েছিল। শুনানি চলাকালীন হাই কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম কেন্দ্রের উদ্দেশে বলেছিলেন, ‘এই সংক্রান্ত সমস্ত অভিযোগ ২০২২ সালের আগের। সেই সব নিয়ে কেন্দ্র যা খুশি পদক্ষেপ করুক। কিন্তু এখন প্রকল্পের কাজ চালু করা হোক। কাজ চালু সংক্রান্ত হাই কোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্র। সোমবার কেন্দ্রের আবেদন খারিজ করে হাই কোর্টের নির্দেশ বহাল রাখার কথা জানিয়ে দিল শীর্ষ আদালত।


More Stories
রূপের মধ্যে অরূপের ছোঁয়া : গাজলডোবা এক ব্রাত্য মুগ্ধতা
ডিমথেরাপি অশোকনগরের গ্রেফতার চেয়ারম্যান প্রবোধ সরকারকে
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার