Home » এসআইআর নিয়ে সংঘাত চরমে তৃণমূল-বিজেপির

এসআইআর নিয়ে সংঘাত চরমে তৃণমূল-বিজেপির

বিষয় এসআইআর। এই একটি বিষয়কেই কেন্দ্র করে একে-অপরকে একের পর এক হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল এবং বিজেপির নেতানেত্রীরা। ভোটের বাকি মাত্র কয়েক মাস৷ ২০২৬ সালের সেই বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই রাজ্যে রাজনৈতিক সমীকরণ নতুন মোড় নিচ্ছে।

বাংলায় এসআইআর-এর বিরোধিতায় মঙ্গলবার কলকাতায় প্রতিবাদ মিছিলে সামিল হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে প্রতিবাদ সভা থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলার একজনও যোগ্য ভোটারের নাম বাদ গেলে কেন্দ্রে বিজেপির সরকার ভেঙে দেওয়া হবে।

একই সঙ্গে কমিশনকে নিশানা করে মমতা বলেন, মোদি-শাহকে খুশি করতে গিয়ে কুর্সিবাবু ইতিহাস তৈরি করতে চাইছেন! তবে সেই ইতিহাস পাতিহাস হবে। বিজেপিকে ফেকু বাবু বলে কটাক্ষ করে মমতা এও বলেন, এতদিন পর প্রমাণ দিতে হবে আমরা ভারতের নাগরিক কিনা?
প্রতিবাদ সভা থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলার মানুষকে ধমকে চমকে লাভ নেই! ২ দিনে এই মিছিল করতে পারলে ২ মাসের ব্যবধানে দিল্লিতে কী করতে পারে মানুষ, সেটা ভেবে দেখবে বিজেপি।

এদিকে, তৃণমূলের মিছিল শুরু হওয়ার আগেই রাজ্যের সিইও দফতরে নানা অভিযোগ জমা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন – এটা জামাতিদের মিছিল, ভারতীয়দের নয়।
আরও একধাপ এগিয়ে বুধবার বাংলার শাসকদল তৃণমূলের মিছিলকে আক্রমণ শানিয়ে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, তৃণমূল রোহিঙ্গা বাঁচাও যাত্রা করেছে ! বহু জায়গায় পরিচারিকাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। সকলে বুঝতে পারছেন কী কারণ। কিন্তু তৃণমূল নিজেদের ভোটব্যাঙ্কের স্বার্থে এসআইআর বিরোধী মিছিল করেছে। আদতে তা রোহিঙ্গা বাঁচাও যাত্রা।

About Post Author