Home » জনপদে দলবদ্ধ হাতির দাপট, চৌকির সৌজন্যে প্রাণে বাঁচলেন পিয়াসাল

জনপদে দলবদ্ধ হাতির দাপট, চৌকির সৌজন্যে প্রাণে বাঁচলেন পিয়াসাল

Oplus_131072

সানি রায়, সময় কলকাতা : জনপদে দলবদ্ধ হাতির দাপট, প্রাণ যেতে বসেছিল দম্পতির। স্বামীর প্রাণ বাঁচিয়েছে শোওয়ার চৌকি।  মাঝরাতে হাতির হানা, দুমড়ে-মুচড়ে দিল ঘরদোর। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন দম্পতি। শোওয়ার চৌকি ত্রাতা।  জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্য শালবাড়ি প্রমাণিক পাড়ায় বুধবার গভীর রাতে নেমে আসে আতঙ্ক। মরাঘাট বনাঞ্চলের খট্টিমারি এলাকা থেকে প্রায় আট থেকে দশটি হাতির একটি দল হঠাৎই ঢুকে পড়ে গ্রামে। রাতভর তাণ্ডব চালায় হাতির দলটি। একটি পরিবার বিপন্ন হয়ে পড়ে। পরিবারের কর্তা পিয়াসাল ওঁরাও প্রাণে বাঁচলেন শয়নের জন্য ঘরে থাকা চৌকির সৌজন্যে।

আচমকা হাতির হানায় কার্যত মাটিতে মিশে যায় ওঁরাও দম্পতির ঘর। সেই সময় ঘরের ভিতরেই ছিলেন পিয়াসাল ওরাও এবং তাঁর স্ত্রী সাবন্তি ওঁরাও। হঠাৎ হাতির আক্রমণে ঘর কেঁপে ওঠে। কোনো ভাবে পালিয়ে যেতে সক্ষম হন সাবন্তি ওঁরাও, তবে ঘরের ভিতরেই আটকা পড়ে যান পিয়াসাল। প্রাণে বাঁচতে তিনি চৌকির নিচে লুকিয়ে পড়েন। হাতির দলের চারটি ছোট হাতি ঘরের ভিতরে ঢুকে পড়ে এবং লণ্ডভণ্ড করে দেয় পুরো ঘরটি। আশ্চর্যজনকভাবে প্রাণে রক্ষা পান পিয়াসাল।

আরও পড়ুনউত্তরবঙ্গে আবার হাতির মৃত্যু রেলের ধাক্কায়

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছান বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়ার্ডের বনকর্মীরা। তাঁরা এসে হাতির দলকে জঙ্গলে ফেরানোর জন্য চেষ্টা চালান।পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এলাকার পঞ্চায়েত সদস্যের স্বামী তথা তৃণমূল নেতা নির্মল রায়। তবুও  জনপদে দলবদ্ধ হাতির দাপট বারবার দেখে এলাকাবাসীর আতঙ্ক আশ্বাসে কমছে না।

About Post Author