সানি রায়, সময় কলকাতা : নাচ গানের মেহেফিল, মুজরা চলছে সরকারি দফতরে? হচ্ছে টা কী? চলছেই বা কী? মেহফিল -মুজরা সরকারি দফতরে এমন ভিডিও ভাইরাল।
সরকারি দফতরগুলি ঘুঘুর বাসা, বিরোধীদের তরফে এরকম অভিযোগ প্রায়ই শোনা যায়। তবে সরকারি দফতর এখন নেতা, ঠিকাদার, সরকারি কর্মচারীদের আঁতাতে রঙ্গমঞ্চের ক্ষেত্রও বটে, সেরকমই অভিযোগ উঠল এক ভাইরাল ভিডিও ঘিরে। যদিও ভিডিও সততা যাচাই করেনি সংবাদ মাধ্যম।
যেখানে দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েত দফতরের ভেতরে তৃণমূল কংগ্রেসের দুই নেতার নাচের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম। ঘটনাটি ঘিরে জেলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে।
সূত্রের খবর, বানারহাট ব্লকের সাঁকোয়াঝোড়া–১ গ্রাম পঞ্চায়েতের দফতরের ভেতরে এই ঘটনাটি ঘটে।
ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, সংশ্লিষ্ট অঞ্চলের তৃণমূল কংগ্রেসের এসসি–ওবিসি সেলের চেয়ারম্যান ও সভাপতি গান চালিয়ে নাচছেন। তাঁদের সঙ্গে নাচে সঙ্গ দিচ্ছেন ওই গ্রাম পঞ্চায়েতের এক অস্থায়ী কর্মী।
সরকারি দফতরের ভেতরে এই ধরনের কর্মকাণ্ড কীভাবে সম্ভব, তা নিয়েই প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।
অভিযোগ, সাধারণ মানুষের কাজকর্মের জন্য নির্ধারিত একটি সরকারি অফিসকে দলীয় বিনোদনের জায়গায় পরিণত করা হয়েছে, যা সম্পূর্ণরূপে অনৈতিক এবং প্রশাসনিক শিষ্টাচারের পরিপন্থী।
বিরোধীদের দাবি, এই ঘটনার সঠিক তদন্ত হওয়া উচিত এবং দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। যদিও এই প্রসঙ্গে এসটি–এসসি–ওবিসি সেলের চেয়ারম্যানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি। অপরদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ভাইরাল ভিডিও ঘিরে তৈরি হওয়া এই বিতর্কে বানারহাটের রাজনৈতিক মহল এখন তোলপাড়। প্রশ্ন, ওয়ার্ক কালচার ছেড়ে ডান্স কালচারের কি যুগ পড়েছে?


More Stories
সই বিতর্কে বিজেপিকে তোপ চন্দ্রনাথের
দল মানে কারা? প্রশ্ন তুলে পদত্যাগ অরূপ-সুশান্তের
দলবদল? কল্যাণীতে প্রশাসনিক বৈঠকশেষে শুভেন্দু ও তৃণমূল নেত্রীর বক্তব্য ঘিরে জল্পনা