সানি রায়, সময় কলকাতা : জঙ্গলে কাটত জীবন, মৃত্যুও হল জঙ্গলে। পাতার খোঁজে হাতির পিঠে চেপে প্রতিদিনের মতো দিব্যি জঙ্গলে গিয়েছিলেন বনদফতর কর্মী ২৬ বছর বয়সী প্রবীর দাস। গন্ডারের হামলায় বাড়ি আর ফেরা হল না তাঁর।জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডারের ধাক্কায় আচমকা মৃত্যু বনদফতরের অস্থায়ী কর্মী প্রবীরের ।
হাতির খাদ্য সংগ্রহ করতে গিয়ে বন্য গন্ডারের আকস্মিক হামলা। হাতির পিঠ থেকে ছিটকে পড়ে জলদাপাড়া জাতীয় উদ্যানে মর্মান্তিক মৃত্যু হলো এক অস্থায়ী কর্মী (পাতাওয়ালার)। তিনি আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের খাউচাঁদপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। এই ঘটনায় জঙ্গল সংলগ্ন এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।বনদপ্তর সূত্রে জানা গেছে, প্রবীর বাবু গত আট মাস ধরে জলদাপাড়া বনদপ্তরের অধীনে হাতির পাতাওয়ালা (অস্থায়ী কর্মী) হিসেবে কাজ করছিলেন। প্রতিদিনের মতো এদিন বিকেলেও দুটি কুনকি হাতির পিঠে চেপে চারজন মাহুত ও পাতাওয়ালা জঙ্গলে পাতা সংগ্রহ করতে যান। ফেরার পথে আচমকাই একটি বন্য গন্ডার তাঁদের একটি ছোট হাতিকে লক্ষ্য করে আক্রমণ চালায়। গন্ডারের ধাক্কায় হাতিটি নিয়ন্ত্রণ হারালে পিঠ থেকে নিচে ছিটকে পড়েন প্রবীর দাস।সহকর্মীরা দ্রুত রক্তাক্ত অবস্থায় প্রবীরকে উদ্ধার করে মাদারিহাট হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় নিহতের পরিবার।জলদাপাড়া বনদপ্তরের এক আধিকারিক জানান, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। বনদপ্তর নিহতের পরিবারের পাশে রয়েছে এবং সরকারি নিয়ম মেনে সব ধরনের সহযোগিতা করা হবে। স্থানীয় বিধায়ক লক্ষণ লিম্বুও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


More Stories
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
নিজের স্ত্রীকে আবার বিয়ে করছেন খগেশ্বর রায়
চিকেন নেকের নিরাপত্তায় মক ড্রিল