Home » স্কুল থেকে উদ্ধার বিপুল টাকা, তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যানের নামে অভিযোগ দায়ের

স্কুল থেকে উদ্ধার বিপুল টাকা, তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যানের নামে অভিযোগ দায়ের

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১১ জুন : উত্তর ২৪ পরগনার এক তৃণমূল নেতার অনুগ্রহধন্য  একটি ইংরেজি মাধ্যম স্কুল থেকে উদ্ধার বিপুল অঙ্কের নগদ টাকা।  থরে থরে সাজানো উদ্ধার হওয়া টাকার পরিমান শুনলে চোখ ছানাবড়া হতে পারে। হিসেববহির্গত এই অর্থ উদ্ধারে নাম জড়িয়েছে তৃণমূল নেতা তথা কাঁচরাপাড়ার প্রাক্তন চেয়ারম্যান কমল অধিকারী।

জানা গিয়েছে, কাঁচরাপাড়ার  ইংরেজি মাধ্যম স্কুল থেকে উদ্ধার হয়েছে ১ কোটি ৭৭ লক্ষ টাকার চেয়ে বেশি নগদ অর্থ। ফোরম্যান কলোনির স্কুলে একটি বন্ধ ঘর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় । এই টাকার সঙ্গে স্কুলের শিক্ষক-অশিক্ষক কর্মচারীদের যোগসূত্র নেই দাবি করে স্কুলের প্রিন্সিপাল স্কুলের হিসাব রক্ষক অভীক কুমার নাগ ও স্কুলের সেক্রেটারি গৌতম ঘোষ দস্তিদারকে দায়ী করেছেন। তিনি জানিয়েছেন উক্ত দুজন কাঁচরাপাড়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তৃণমূলের কমল অধিকারীর তত্ত্বাবধানে এই অর্থ সংক্রান্ত বিষয় দেখতেন। স্কুলের পক্ষ থেকে প্রাক্তন চেয়ারম্যান সহ তিনজন এর বিরুদ্ধে  বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । প্রিন্সিপাল বিকাশ চন্দ্র পাল আরও অভিযোগ করেছেন, স্কুলের গাছ থেকে একটি পাতা পড়তে পারতনা স্কুলের প্রিন্সিপাল কমল অধিকারীর নির্দেশ ছাড়া। তিনি বলেছেন, হিসাবরক্ষক ও সেক্রেটারি প্রাথমিকভাবে জানিয়েছেন স্কুলে এক অর্ধের বই বিক্রির টাকা এবং এডমিশন ফি ব্যাঙ্কে জমা না দিয়ে স্কুলে রাখা হয়েছিল। প্রিন্সিপালের বক্তব্য  এমনটাই  দাবি করেছেন অভিযুক্তরা।

Oplus_131072

উল্লেখ্য,গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালায় বিজপুর থানার পুলিশ।রাতভর তল্লাশি চালিয়ে স্কুলের একটি তালাবদ্ধ ঘর থেকে প্রায় ১ কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।উদ্ধার হওয়া টাকার পরিমাণ বেশি হওয়ায় গণনার জন্য তিনটি মেশিন আনা হয়। বৃহস্পতিবার ভোর পর্যন্ত টাকা গণনার কাজ চলে। এরপর নগদ অর্থ বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশের কাছে এও জানা গিয়েছে, এত বিপুল পরিমাণ অর্থের আমদানির সন্তোষজনক কোন ব্যাখ্যা দিতে পারেনি অভিযুক্তরা। অর্থের মালিকানা বা কারও জড়িত থাকার বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

About Post Author