সময় কলকাতা, ৩ অগাস্ট : আক্রান্ত আইএসএফের রাজ্য সহ-সভাপতি তাপস ব্যানার্জি। রবিবার অশোকনগরের বাইগাছিতে তাঁকে নিগ্রহ করা হয়। অভিযোগের তির রাষ্ট্রীয় সেবক সংঘ এবং ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে।
তাপস ব্যানার্জী জানিয়েছেন, তাঁর উদ্যোগে এবং স্থানীয় আদিবাসীদের সহযোগিতায় গড়ে ওঠা তাঁর স্ত্রীর নামাঙ্কিত মঞ্চে তিনি প্রায়ই আদিবাসীদের সঙ্গে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন। বিভিন্ন সময় জাপান সহ বিদেশী ও আন্তর্জাতিক শিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে গিয়েছেন এই মঞ্চে। তাঁর অভিযোগ, তাঁকে বা আদিবাসীদের কাউকে কিছু না জানিয়ে নিজেদের রাষ্ট্রীয় সেবক সংঘ ও ভারতীয় জনতা পার্টির কর্মী বলে নিজেদের উল্লেখ করে এই মঞ্চে একটি শিবির আয়োজন করা হয়েছিল রবিবার। তাপস ব্যানার্জি অনুষ্ঠানের আয়োজকদের বলেন, অনুমতি ছাড়া এভাবে শিবির করা যায়না। তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন, আদিবাসীদের প্রণম্য সিধু-কানুর ছবি যেখানে রয়েছে সেখানে সাম্প্রদায়িক ভেদাভেদের উল্লেখ করার বিষয়ে তিনি আপত্তি জানিয়েছিলেন। অতঃপর তাঁকে নিগ্রহ করা হয়। স্থানীয় আদিবাসীরা এগিয়ে আসায় “স্ব-ঘোষিত ” বিজেপি ও আরএসএসের কর্মীরা চম্পট দেয় বলেই এলাকাবাসী জানিয়েছেন । রবিবারই অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আইএসএফ নেতা তাপস ব্যানার্জী। স্থানীয় আদিবাসীদের পক্ষে অভিযোগ করা হয়েছে, এই মঞ্চে যে কোন অনুষ্ঠান তাদের অনুমতি নিয়েই করা হয়। অথচ এবার যে অনুষ্ঠান করা হয়েছে সেখানে তাদের অনুমতি নেওয়া হয়নি,তাঁদের অভিভাবক তাপস ব্যানার্জীকে মারধর করা হয়েছে, শুধু তাই নয় আদিবাসীদের সনাতনী বলে উল্লেখ করা হয়েছে- যা নিয়ে কি ক্ষোভের উদ্রেক করেছে অশোকনগরের বাইগাছি আদিবাসী পাড়ায়। কারা তাপস ব্যানার্জির উপর আক্রমণ করেছে সে বিষয়ে আলোকপাত না করলেও অশোকনগর থানার পুলিশ সংবাদমাধ্যমকে জানিয়েছে তারা অভিযোগটি খতিয়ে দেখছে।।


More Stories
প্রয়াত রাজনীতিবিদ অসিত মজুমদার : তাঁর রাজনৈতিক জীবনের দু-চার কথা
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
সাতদিনের পুলিশি হেফাজত দেবরাজের