Home » প্রয়াত রাজনীতিবিদ অসিত মজুমদার : তাঁর রাজনৈতিক জীবনের দু-চার কথা

প্রয়াত রাজনীতিবিদ অসিত মজুমদার : তাঁর রাজনৈতিক জীবনের দু-চার কথা

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ১ অগাস্ট : ভিটে মাটি সাময়িকভাবে ছেড়ে গেলেও, মৃত্যুর আগে মানুষ নিজের দীর্ঘদিনের বসতবাড়িতে ফিরতে চায়, অনেকে পারে না, কেউ কেউ ফিরতে পারে । বসিরহাট তথা বঙ্গের নবীন রাজনীতিবিদ অসিত মজুমদার ফিরতে পেরেছিলেন। তার ঘরবাড়ি ছিল কংগ্রেসে, বসিরহাট টাউন হলে দিন সাতেক আগে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে ফিরেছিলেন তিনি। শুরুর দিনেও অসিত মজুমদার কংগ্রেসের যোদ্ধা,শেষের দিনেও তাই। শনিবার প্রয়াত হলেন অসিত মজুমদার।

দীর্ঘ ছয় দশক আগে, ১৯৬২ সালে কমল বসুর হাত ধরে কংগ্রেসে এসেছিলেন। মাঝে ২০১৬ সালে তৃণমূলে গিয়েছিলেন দিপেন্দু বিশ্বাসের বিরোধিতা সত্বেও। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব সে সময় দীপেন্দুর উপরে ভরসা হারাচ্ছিলেন। ২০১৪ সালেই দীপেন্দু বসিরহাট দক্ষিণের উপনির্বাচনে শমীক ভট্টাচার্যের কাছে হেরে যান। প্রবীণ নেতা সেবছর কংগ্রেসের হয়ে বসিরহাট দক্ষিণ কেন্দ্রের উপ নির্বাচনে দাঁড়িয়েছিলেন। বিশেষ দাগ কাটতে পারেননি, তবুও বসিরহাটের রাজনীতির ময়দানে তিনি ছিলেন অবিসংবাদী নেতা । তাঁর ব্যক্তিগত জনপ্রিয়তাও ছিল আকাশছোঁয়া যা তিনি ২০১১ সালের বিধানসভা নির্বাচনে বসিরহাট দক্ষিণ কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে ৫২ হাজারের বেশি ভোট পেয়ে প্রমাণ করেছিলেন । এই কেন্দ্রে সাত বারের বিধায়ক ছিলেন বাম নেতা নারায়ণ মুখার্জী। অসিত মজুমদার তার কাছে ১৯৯৬ সালের হেরেছিলেন মাত্র ১৮১ ভোটে। বাম জমানায় প্রবীণ বামনেতা নারায়ণ মুখার্জীকে বারবার লড়াইয়ের মুখে ফেলেছিলেন তিনি। ২০০৬ সালে অসিত মজুমদার পরাস্ত হন এক হাজারের সামান্য কিছু বেশি ভোটে ।

অসিত মজুমদার, যিনি সারা জীবন বসিরহাট মানুষের আপনজন ছিলেন, যিনি জেলা কংগ্রেসের সর্বোচ্চ পদে আসীন হয়েছেন তাঁর চলে যাওয়া এক শূন্যতা। তিনি প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি হয়েছেন, এআইসিসি সদস্য হিসেবে জেলা কংগ্রেসের (গ্রামীণ) সভাপতিও ছিলেন। বসিরহাটের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হন তিনি। ৮ নম্বর ওয়ার্ডেও জিতেছেন তিনি। বসিরহাট পুরসভার রাশও বেশ কিছুটা সময় ছিল তাঁর হাতে , তাঁর স্ত্রী কৃষ্ণা মজুমদারও চেয়ারম্যান হয়েছিলেন। একদশক আগে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বর আহবানে তৃণমূলের গেলেও বরাবরই যেন তাঁর প্রাণের যোগ ছিল কংগ্রেসের সঙ্গে। তাই মৃত্যুর কয়েকদিন আগেই অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে ফিরে আসা । চির পরিচিত দলে ফেরা ঘরে ফেরা যেন ছিল তাঁর ঘরে ফেরা। এবার তিনি পাড়ি দিলেন না ফেরার দেশে। হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে শনিবার সকালে প্রয়াত হলেন বসিরহাটের বর্ষীয়ান নেতা অসিত মজুমদার।

Oplus_131072

দুর্নীতির অভিযোগে ভেঙে যাওয়া বসিরহাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর অসিত মজুমদার হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। তিনি আগেও বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েছিলেন। তার শরীরে বেশ কয়েকবার অস্ত্রোপচার  করা হয়েছিল। দুদিন আগে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়,  সেখান থেকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। অস্তমিত বসিরহাটের সূর্য।।

About Post Author