সময় কলকাতা ডেস্ক: সামুদ্রিক মাছ টুনা ক্যানে করে এখন শহরের সমস্ত বড় শপিং মলে পাওয়া যায়। এই টুনা মাছে আছে প্রচুর ওমেগা-থ্রি যা চোখ ও মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি সারা দিনের শক্তি যোগাতেও সহায়তা করে। সুস্বাদু ও চর্বিহীন এই মাছ দিয়ে বানান টুনা ভুনা।
টুনা ভুনা তৈরির উপকরণঃ
• ২ টুকরা / ১ ক্যান টুনা মাছ
• ২ কাপ পেঁয়াজ কুচি
• আধা চা চামচ হলুদ গুঁড়া
• ১ চা চামচ শুকনা লঙ্কা গুঁড়া
• ১ চা চামচ ধনে গুঁড়া
• ১ চা চামচ জিরা গুঁড়া
• ২ টেবিল চামচ আদা বাটা
• ১ টেবিল চামচ রসুন বাটা
• ৮-১০ টি কাঁচা লঙ্কা
• পরিমাণ মত লবন
• পরিমাণের থেকে একটু বেশি তেল
পদ্ধতিঃ
মাছের টুকরা ভাল মত পরিষ্কার করে ২/৩ কাপ জল দিয়ে তাতে সামান্য লবন, সামান্য হলুদ দিতে হবে। এখন মাছটা ১০/১৫ মিনিট সিদ্ধ করে নিতে হবে। মাছ সিদ্ধ হয়ে গেলে তার কাটা ও চামড়া বেছে ফেলতে হবে।
তারপর মাছটা ভাল করে চটকে নিতে হবে। ক্যান ব্যবহার করলে সিদ্ধ করার ঝামেলা নেই। শুধু চটকে নিলেই হবে। ওভেনে প্যান গরম করে তেল দিতে হবে। তেল গরম হলে তাতে পেঁয়াজ কুঁচি দিয়ে ভেজে নিতে হবে।
এরপর প্রথমে বাটা মশলাগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভাজতে হবে। তারপর একে একে সব মশলা দিয়ে সামান্য জল দিয়ে কষাতে হবে। তারপর চটকান মাছ দিয়ে ভাল মত মশলার সাথে মেশাতে হবে।
তারপর সামান্য একটু জল দিতে হবে যেন মশলা ও মাছ ভাল মত মিশে যায়। এখন কাঁচা লঙ্কাগুলো মাঝখান দিয়ে ফেঁড়ে মাছের মধ্যে দিয়ে দিতে হবে। মাছের জল টেনে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। গরম ভাত বা পোলাও দুটোর সাথেই সমান মানানসই এই টুনা ভুনা।


More Stories
ঝোল – পাতুরি তো অনেক হল, স্বাদ বদলাতে নৈশভোজে বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিকেন
ছুটির দিনে নৈশভোজে পরোটা বা নানের সঙ্গে জমিয়ে খান মাদুরাই মটন
একঘেয়ে মটন কষা বা ঝোল নয়, নৈশভোজে বানিয়ে ফেলুন লোভনীয় মটন লাবাবদার