Home » উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ওপর হামলা, কোন আক্রোশে?

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ওপর হামলা, কোন আক্রোশে?

সময় কলকাতা ডেস্কঃ বাজি ফাটানোর প্রতিবাদ করায় এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর উপর ব্লেড নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল স্থানীয় কিছু যুবকদের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগণা জেলার বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর এলাকার ঘটনা। আক্রান্ত ওই যুবকের নাম মোহাম্মদ ফায়েজ আফজল আলী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ওই পড়ুয়া বারুইপুরের রাজপুর চৌহাটী হাইস্কুলের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। শনিবার সন্ধ্যায় উচ্চমাধ্যমিক পরীক্ষারই প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎই তার বাড়ির সামনে বেশ কিছু স্থানীয় যুবক বাজি ফাটানো শুরু করে। বাজির আওয়াজে তার পড়াশোনা করতে অসুবিধা হওয়ায় বাড়ির বাইরে এসে সে স্থানীয় যুবকদের বাজি ফাটাতে বারন করে ওই যুবক। এমনকি আক্রান্ত ওই পরীক্ষার্থীর মা নিজেও স্থানীয় ওই যুবকদের কাছে অনুরোধ জানান বাজি না ফাটানোর জন্য। অন্য কোথাও গিয়ে বাজি ফাটাবার জন্য বলেন তিনি।

সেই সময়, ওই যুবকদের মধ্যে একজন পরীক্ষার্থীর বাড়ির সামনে জানলার কাছে চকলেট বাজি ফাটায়। আর তাতেই পরীক্ষার্থীর সঙ্গে স্থানীয় ওই যুবকদের মারপিট শুরু হয়। এরপর স্থানীয় যুবকদের মধ্যে দুজন ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর ওপর ব্লেড নিয়ে হামলা চালালে ওই পড়ুয়ার ঘাড়ে, মাথা ও পিঠের একাধিক জায়গায় গভীর ক্ষত হয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়।আক্রান্ত পরীক্ষার্থীর বাড়ির লোকজন তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ৩২ টি সেলাই পড়ে তাঁর ক্ষতবিক্ষত শরীরে।

এদিন রাতেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত ওই পরীক্ষার্থীর পরিবার। বাড়ির সামনেই এমনভাবে হামলার শিকার হওয়ায় পরীক্ষার্থী ও তার পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্কের দানা বেঁধেছে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। দোষীদের কঠোর শাস্তির দাবি জানান ওই পরীক্ষার্থীর পরিবারের সদস্যরা। পাশাপাশি, এই ঘটনার নেপথ্যে আর কোনো কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

About Post Author