Home » দাম বাড়ছে প্যারাসিটামল সহ জীবনদায়ী প্রায় ৮০০ ওষুধের!

দাম বাড়ছে প্যারাসিটামল সহ জীবনদায়ী প্রায় ৮০০ ওষুধের!

সময় কলকাতা ডেস্কঃ চাল,ডাল,তেল,নুন,জ্বালানী থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় একাধিক সামগ্রীর দাম আকাশ ছুঁয়েছে। সাধারণ মানুষের ওপর ফের বড়সড় ধাক্কা। এবার যেন গোঁদের উপর বিষফোঁড়া হয়ে উঠতে চলেছে। কারণ,আগামী এপ্রিল মাস থেকেই একলাফে দাম বেড়ে যাচ্ছে প্যারাসিটামল সহ অত্যাবশ্যকীয় প্রায় ৮০০ ওষুধের। ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়।
উল্লেখ্য, করোনা মহামারী শুরুর পর থেকেই ওষুধ প্রস্তুতকারকরা দাবি করে আসছিল যাতে ওষুধের দাম বাড়ে। সেই দাবি মেনেই শুক্রবার ন্যাশনাল ফার্মাসিটিউক্যাল প্রাইসিং অথরিটি অফ ইন্ডিয়ার তরফে ওষুধ প্রস্তুতকারকদের মূল্যবৃদ্ধির অনুমতি দিয়েছে। ন্যাশনাল ফার্মাসিটিউক্যাল প্রাইসিং অথরিটি অফ ইন্ডিয়ার তরফে মূল্যবৃদ্ধির বিষয়ে জানানোও হয়েছে।

২০২১ সালের অর্থবর্ষ অনুযায়ী ওষুধের দাম ১০.৭ শতাংশ বাড়ানো হচ্ছে। হোলসেল প্রাইজ ইনডেক্সের পরিবর্তনের ফলে ৮০০ টিরও বেশি ওষুধের দাম বাড়ছে। আগামী ১ এপ্রিল থেকে এই বর্ধিত মূল্য কার্যকর হবে বলে জানা গিয়েছে।

জ্বর, সংক্রমণ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, রক্তাল্পতা সহ আরও একাধিক ওষুধের দাম বৃদ্ধি পাচ্ছে। ফলে প্যারাসিটামল, ফেনোবারবিটোন, ফেনিটোইন সোডিয়াম, অ্যাজিথ্রোমাইসিন, সিপ্রোফ্লোক্সাসিন, হাইড্রোক্লোরাইড ও মেট্রোনিডাজলের মতো ওষুধের দাম বাড়ছে। প্যারাসিটামল ৬৫০-এর ১৫ টি ওষুধের পাতার বর্তমান দাম রয়েছে ৩০.৯১ টাকা। ১০ শতাংশেরও বেশি দাম বাড়লে এই ওষুধের পাতার দাম বেড়ে হবে ৩৪ টাকা। পাশাপাশি আ্যন্টিবায়োটিক ওষুধেরও দাম বাড়ছে।

About Post Author