Home » ফের বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদহ ও বীরভূমে

ফের বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদহ ও বীরভূমে

সময় কলকাতা ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই টনক নড়ল পুলিশের।রাজ্যজুড়ে  চলছে বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের বিশেষ অভিযান।আগ্নেয়াস্ত্র উদ্ধারের কাজে দিনরাত্রি জোরকদমে নজরদারি চালাচ্ছে পুলিশ প্রশাসন।পুলিশ সক্রিয় হতেই রাজ্যের একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে একেরপর এক আগ্নেয়াস্ত্র।

শনিবার রাতে ফের মালদহের বামনগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে শ্রীপুর শিব মন্দির এলাকায় বিশেষ অভিযান চালায়।আর তাতেই বড়সড় সাফল্য পায় পুলিশ।এদিন সন্দেহজনক অবস্থায় এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।তাঁর কাছ থেকে উদ্ধার হয় এক রাউন্ড কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃত ওই ব্যক্তির নাম মিলন মণ্ডল(২৫)।তাঁর বাড়ি বামনগোলা ব্লকের জগদলা পঞ্চায়েতের গুয়াবারি এলাকায়।পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ আধিকারিক রাকেশ বিশ্বাস বলেন, ‘শ্রীপুর শিবমন্দির এলাকায় ওই যুবককে একা ঘুরতে দেখেই তাঁদের সন্দেহ হয়।এরপর তাঁকে আটক করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।’ইতিমধ্যেই ওই যুবককে গ্রেপ্তার করে বামনগোলা থানার পাকুয়াহাট ফাঁড়িতে নিয়ে আসা হয়।রবিবার অর্থাৎ আজই ধৃত ওই যুবককে জেলা আদালতে পেশ করা হবে বলেই পুলিশ জানিয়েছে।

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনি অস্ত্র ও বোমা উদ্ধারের নির্দেশ দেওয়ার পরেই নজরদারি বাড়ায় দুবরাজপুর থানার পুলিশ।রবিবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে দুবরাজপুর থানার অন্তর্গত সেকেন্দারপুর গ্ৰামের একটি ফুটবল মাঠের পাশে প্লাস্টিক ব্যাগ থেকে মোট ৩০টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ।এরপর প্রশাসনের তরফে খবর দেওয়া হয় সিআইডির বোম স্কোয়াডের টিমকে।খবর পেয়েই তারা তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায়।এরপর বীরভূম জেলার ট্রাফিক পুলিশের ডিএসপি আখতার আলি এবং দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের উপস্থিতিতে এদিন সকালেই বোমাগুলো নিষ্ক্রিয় করে তারা।পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশের কথা মাথায় রেখেই লাভপুর থানার পুলিশ বোমা ও অবৈধ অস্ত্রের সন্ধানে তল্লাশি চালাচ্ছে গোটা এলাকা জুড়ে।

About Post Author