Home » মিহিলালের পরিবারের স্বাস্থ্য পরীক্ষায় বাতাসপুরে মেডিকেল টিম

মিহিলালের পরিবারের স্বাস্থ্য পরীক্ষায় বাতাসপুরে মেডিকেল টিম

জয়ন্ত দাস, সময় কলকাতা : রামপুরহাট হত্যাকাণ্ড রীতিমতো নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্যকে। নোংরা রাজনীতির পরতে পরতে থাকা অমানবিক চিত্র উঠে এসেছে এই ঘটনায়। পোড়া গ্রামে এখন শ্মশানের মতো নিস্তব্ধতা, হাহাকার, আতঙ্ক। নৃশংস এই হত্যাকাণ্ডের পর ওই পরিবারের জীবিত বাসিন্দারা আশ্রয় নিয়েছেন বীরভূমের সাঁইথিয়ার বাতাসপুর গোপালজোল গ্রামে। ইতিমধ্যেই তাঁদের সমস্ত রকম সহযোগিতার জন্য জেলা ও রাজ্য প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রবিবার থেকে এই তদন্তের বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু করল সিবিআই। হাসপাতালে ভর্তি এক নাবালক ও তিন মহিলার বয়ান রেকর্ডের জন্য হাসপাতালে যান ডিআইজি সিবিআই অখিলেশ সিংহ। সিবিআই সূত্রে জানা গেছে, ঘটনায় ধৃত আনারুল হোসেনকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই।

অন্যদিকে রবিবার নিহতদের পরিবারের এক সদস্য অসুস্থতা বোধ করলে আহম্মদপুর স্বাস্থ্য কেন্দ্র থেকে চিকিৎসার জন্য পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম পাঠানো হয়। অসুস্থদের পরীক্ষা করে দেখার পর  চিকিৎসক জানান, রক্তচাপ বেড়ে গিয়েছে। এছাড়াও উনার বেশ কিছু সমস্যাও রয়েছে। চিকিৎসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান চিকিৎসকরা।

অন্যদিকে, রামপুরহাটের বগটুই গ্রামের পর মুখে খাবার উঠছে না নিহত পরিবারের জীবিত সদস্যদের। খাবারের জন্য সাঁইথিয়ায় রান্নার ব্যবস্থা করল শাসকদল। রামপুরহাটের বগটুই গ্রামে গত সোমবার যে ঘটনা ঘটে তারপর থেকেই নিহত পরিবারের জীবিত সদস্যরা আশ্রয় নেন সাঁইথিয়ার বাতাসপুর গ্রামে। রবিবার এই সকল পরিবারের সদস্যদের রান্না করা খাবার দেওয়ার জন্য ব্যবস্থা করল সাঁইথিয়া তৃণমূল কংগ্রেস। প্রশাসনের সহযোগিতায় এদিন এই রান্নার ব্যবস্থা করা হয়েছে বলে খবর। মূলতঃ, ভাত, ডাল, মাছ রান্না করে সেই খাবার পৌঁছে দেওয়া হয় মিহিলাল শেখ এবং তার পরিবারের জীবিত সদস্যদের কাছে। বর্তমানে রাজ্য প্রশাসনের তৎপরতায় খুশি মিহিলাল শেখ।

About Post Author