Home » ফের বাতাসপুরে সিবিআই, কেন?

ফের বাতাসপুরে সিবিআই, কেন?

সময় কলকাতা ডেস্ক: ফের বাতাসপুরে সিবিআই। আজ রামপুরহাট কান্ডের তদন্তের স্বার্থে বাতাসপুর গোপালজোল গ্রামে হানা দিল সিবিআই। রামপুরহাটের হত্যাকাণ্ডের পর থেকেই নিহত পরিবারের জীবিত সদস্য আতঙ্কে গ্রাম ছাড়েন। আশ্রয় নেন বাতাসপুরে তার শ্বশুরবাড়িতে। আজ, নিহত পরিবারের সদস্য মিহিলাল সেখকে দ্বিতীয় দিন রামপুরহাটের সিবিআই অস্থায়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।

সিবিআই সূত্র মারফত জানা যাচ্ছে, রামপুরহাট থানার সাসপেন্ড আইসি ত্রিদিব প্রামাণিককে তলব করা হয়েছে। তদন্তের স্বার্থে তাকেও জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। পাশাপাশি, রামপুরহাট এসডিপিও সায়ন আহামেদকে তলব করতে পারে সিবিআই এমনটাই খবর। এমনকি জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় এবং বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা তথা তৃণমূল জেলা সভাপতি অনুব্রর্ত মন্ডলকেও।

সুত্রের খবর, রামপুরহাটের মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর অভিযোগের আঙুল ওঠে আনারুল হোসেনের বিরুদ্ধে। ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই তারাপীঠ থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত আনারুল হোসেনকে। আনারুলকে নিজেদের হেফাজতে নিয়েছে সিবিআই।আনারুলের ফোন কল থেকে উঠে এসেছে বেশ কিছু তথ্য। সেই সূত্র ধরে বগটুই নারকীয় হত্যকাণ্ডের তদন্ত গতিবিধি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এদিকে, রামপুরহাট কাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। সোমবার সকালে রামপুরহাট হাসপাতালে মৃত্যু হয় শেখলালের স্ত্রী নাজমা বিবির। এখনও চিকিত্‍সাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আহত আরও ৩ জন । তাদের মধ্যে একজনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর।

About Post Author