সময় কলকাতা ডেস্ক: ঠাকুরনগরের শুরু হয়েছে মতুয়া মহা মিলন মেলা। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাণের টানে ছুটে আসেন মতুয়ারা। সেরকমই দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের প্রায় ৬০-৭০জন মতুয়া পুণ্যার্থী বৃহস্পতিবার ঠাকুরনগরের ঠাকুরবাড়ির উৎসবে যোগদান করার উদ্দেশ্যে রওনা দেয়। অভিযোগ, রাত দেড়টা নাগাদ বারাসাত কাজীপাড়া সংলগ্ন এলাকায় এসে পৌঁছালে যশোর রোডের উপর একদল সশস্ত্র দুষ্কৃতী রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে বাস আটকায়। এরপর দুষ্কৃতীরা বাসে থাকা মহিলা ও শিশুসহ পুণ্যার্থীদের উপর লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘটনার প্রতিবাদ করতে গেলে সুমন হালদার নামে এক যুবককে মাথা ফাটিয়ে দেয় দুষ্কৃতীরা। একজনের মোবাইল ফোন কেড়ে নেয় বলেও অভিযোগ। এরপর গুরুতর আহত অবস্থায় ওই যুবককে প্রথমে হাবরা হাসপাতালে তারপর সেখান থেকে সোনারপুরের একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে সে চিকিৎসাধীন। দলপতি বিধান হালদারকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আরও অভিযোগ, ছিনতাইকৃত মোবাইল ফোন থেকে পূণ্যার্থীদের বিভিন্ন ফোনে হুমকি ফোন আসে এবং টাকা দিয়ে মোবাইল ফেরত নিয়ে যেতে বলা হয়। এই মর্মে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে বারাসাত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারাসাত পুলিশ।
বৃহস্পতিবার রাতে মতুয়া দলের প্রতিনিধিরা এসে ঠাকুরনগরের ঠাকুরবাড়ির শান্তনু ঠাকুরের দ্বারস্থ হয় ।শান্তনু ঠাকুরের হুঁশিয়ারি, ‘এর আগেও ওই এলাকায় দুষ্কৃতী মূলক কাজকর্ম চলেছে। কিন্তু পুলিশ ব্যবস্থা নেয় না। ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা না নিলে মতুয়ারা মতুয়াদের মতন দেখে নেবে। তার জন্য দায়ী থাকবে প্রশাসন।’ পাশাপাশি শেষ পাওয়া খবর অনুযায়ী বারাসাত থানার পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে।
মতুয়াদের গাড়ি আটকে মারধরে অভিযোগ, ব্যবস্থা না নিলে মতুয়ারা বুঝে নেবে, হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান