Home » এস এস সি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদকে জেরা করলেই কি দুর্নীতিকাণ্ডের মূল শিকড়ে পৌঁছানো যাবে ?

এস এস সি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদকে জেরা করলেই কি দুর্নীতিকাণ্ডের মূল শিকড়ে পৌঁছানো যাবে ?

সময় কলকাতা ডেস্কঃ  নজরে শান্তিপ্রসাদ সিনহা(Shanti Prasad Sinha)। স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা। গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের দুর্নীতির মামলায় যাকে ‘কিংপিন’ বলে মনে করছে কলকাতা হাইকোর্ট। তাঁকেই বৃহস্পতিবার রাতে কলকাতার নিজাম প্যালেসে(Nijam Palace) হাজিরা দিতে হয়েছে সিবিআই(CBI) আধিকারিকদের সামনে জিজ্ঞাসাবাদের জন্য।  সঙ্গে অবশ্যই ছিলেন তাঁর নিজস্ব আইনজীবী। শান্তিপ্রসাদ এলেন রাত ১১টা ১৫ মিনিটে। বেড়িয়ে গেলেন রাত ২টো ২৫ মিনিটে। প্রায় ৩ ঘন্টার জিজ্ঞাসাবাদ। তার নির্যাস শুক্রবার সকালেই জমা পড়ে কলকাতা হাইকোর্টে সেই রিপোর্ট দেখেই সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট।বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, এদিন রাত ১২টার মধ্যেই শান্তিপ্রসাদকে জেরা করতে হবে। জেরা করবেন সিবিআইয়ের আধিকারিকেরা। সেই জেরার রিপোর্ট শুক্রবার সকালেই আদালতে জমা দিতে হবে। সেই রিপোর্ট দেখেই শুক্রবার শুনানিকালে এই ঘটনায় যা জানাবার তা জানাবেন বিচারপতি। তাই এদিন সকাল থেকেই সকলের নজর রয়েছে হাইকোর্টে এই মামলার শুনানির দিকে। শান্তিপ্রসাদের বিরুদ্ধে কী অভিযোগ? ২০১৬ সালের এসএসসি(SSC) গ্রুপ ডি রিজিওনাল লেভেল সিলেকশন টেস্টে ৯৮ জন কর্মী নিয়োগে বেনিয়মের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। স্কুল সার্ভিস কমিশন রিপোর্ট দিয়ে জানায়, তারা নিয়োগের সুপারিশ করেনি। অপরদিকে মধ্যশিক্ষা পর্ষদ জানায়, কমিশনের সুপারিশ পেয়েই নিয়োগপত্র পাঠানো হয়েছে। নিয়োগ প্রক্রিয়া পরিচালনার জন্য ২০২০ সালে স্কুল সার্ভিস কমিশন পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। ওই কমিটির উপদেষ্টা ছিলেন শান্তি প্রসাদ সিনহা। হাইকোর্টের পর্যবেক্ষণ এসএসসি সংক্রান্ত একাধিক মামলায় শান্তিপ্রসাদকে নানা বেআইনি সুপারিশ করতে দেখা গিয়েছে। তাই তাঁকে জেরা করলেই এই দুর্নীতিকাণ্ডের মূল শিকড়ে পৌঁছানো যাবে। সেই সূত্র ধরেই সিবিআই আধিকারিকদের হাইকোর্ট নির্দেশ দেয় শান্তিপ্রসাদকে জেরা করতে।

 

About Post Author