সময় কলকাতা ডেস্ক: মোরা এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল/ এক সে মায়ের বক্ষে ফলে একই ফুল ও ফল…
মানবতা পরম ধর্ম। হিন্দু-মুসলিম এই দুই ধর্মের উপরে মানুষ সত্য। আর সেই জলন্ত উদাহরণ উঠে এলো পুরুলিয়ার এক ছোট্ট গ্রামে।

হাতে গোনা আর মাত্র দু দিন পরই শুরু হচ্ছে মুসলিমদের পবিত্র মাস মাহে রমজান। যে মাসে একমাস যাবৎ সিয়াম সাধনা করে থাকেন মুসলিম সম্প্রদায়ের মানুষজন। তারা ভোর বেলায় সেহেরি খেয়ে সারাদিন সম্পুর্ণভাবে উপোস করেন। পরম সৃষ্টিকর্তার ইবাদত বন্দেগী করে থাকেন। এমন মাসে সম্প্রীতির বার্তা দিতে এগিয়ে এলেন হাবড়া অশোকনগরের বিশিষ্ট সমাজসেবী রিয়া রুবি।

তার উদ্যোগে এদিন পুরুলিয়ার বড়বাজারে দুঃস্থ- মুসলিম পরিবারদের হাতে তুলে দেওয়া হল রমজানের খাদ্য সামগ্রী। তার ওই সাহায্য নিয়ে সুদুর গলসি থেকে পুরুলিয়া পৌঁছান পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সহসভাপতি জাকির হোসেন। তিনিই সমগ্র ব্যবস্থা করে দেন। তাকে সহযোগিতা করেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা সুমিতা সিংহ মল্ল। এদিন তারা বড়বাজার এলাকার পরিবারদের হাতে খেজুর, আপেল, চিনি, ছোলা, বেসন, সরষের তেল, সহ বেশ কিছু শুকনো খাবার তুলে দেন।

পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা সুমিতা সিংহ মল্ল জানান, ‘এই এলাকা অত্যন্ত গরিব এলাকা, রমজানের আগে এই খাদ্য সামগ্রী তুলে দিতে পেরে খুবই ভালো লাগছে আগামীতেও এইভাবে মানুষের পাশে থাকতে চাই।’ সম্প্রীতির মেলবন্ধন অটুউ রাখতে হিন্দু মহিলার এমন কাজে খুশি এলাকার মানুষজন।


More Stories
জেলে জায়গা হবে তো? কৃষ্ণ ঘনিষ্ঠ তৃণমূলের মাফিয়া নন্দন গ্রেফতার
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির