সময় কলকাতা ডেস্কঃ আলিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে এবার মুখ খুললেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন আলিয়া বিশ্ববিদ্যালয় নিয়ে যেসব ঘটনা সামনে আসছে তা কোন ভাবেই কাম্য নয়, অত্যন্ত ন্যাক্কার জনক ঘটনা।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “জিম নওয়াজ সম্প্রতি আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তা একজন ছাত্র নেতার কলঙ্ক। নির্বাচনের সময় জিম নওয়াজ বেশ কিছু সংখ্যালঘু বিষয় নিয়ে আমার সাথে আলোচনা করেছিলেন। সম্প্রতি অনিস খানের বিষয় নিয়েও সাজেশন দিয়েছিলেন আমাকে। কিন্তু তার অর্থ কখনোই এটা হতে পারে না যে আমি এই ধরণের কোন ন্যাক্কার জনক ঘটনার নির্দেশ দিয়েছিলাম” ।
এছাড়া আলিয়াকাণ্ড নিয়ে বিরোধীদের অভিযোগ অস্বীকার করে মন্ত্রী বলেন, “যেকোনো অন্যায়ের প্রতিরোধে পুলিশ তার নির্দিষ্ট নিয়ম মেনে পদক্ষেপ নেবে। পুলিশ কারোর নির্দেশে চলবে না। পুলিশের কাজকে প্রভাবিত করা যাবে না” এদিন আলিয়া বিশ্ববিদ্যালয়ের কাণ্ড নিয়ে জিম নওয়াজের বিষয়ে কড়া অবস্থান স্পষ্ট করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
পাশাপাশি তিনি এদিন দুঃখ প্রকাশ করে জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে আলিয়া বিশ্ববিদ্যালয় তৈরি করেছেন। সম্প্রতি রাজ্যে বেশ কয়েকটি অবাঞ্চিত ঘটনা যেভাবে ঘটছে বিশেষ করে এই আলিয়া নিয়ে তা কোনওভাবেই কাম্য নয়।
সমাজে শিক্ষকদের সম্মান সবার উপরে। শিক্ষকদের সব সময় সম্মান জানিয়ে কথা বলতে হয়। অসম্মান করলে তা কখনই মেনে নেওয়া হবে না সাফ জানালেন ফিরহাদ হাকিম।
উল্লেখ্য, আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরে ঢুকে বহিষ্কৃত ছাত্র নেতার তাণ্ডব। অকথ্য ভাষায় গালাগালাজ ও খুনের হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়। আর সেই ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় হয় রাজ্য। তারপরই এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট গিয়াসউদ্দিন মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ।


More Stories
আরজিকর কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ
নেতাজির অবমাননায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!