Home » বন্ধ মা উড়ালপুলে দুর্ঘটনা, প্রশ্নের মুখে পুলিশের নজরদারি

বন্ধ মা উড়ালপুলে দুর্ঘটনা, প্রশ্নের মুখে পুলিশের নজরদারি

সময় কলকাতা ডেস্ক : বন্ধ মা ফ্লাইওভারে দুর্ঘটনা। বাইক থেকে উড়ালপুলের নিচে পড়ে মৃত্যু এক যুবকের। গুরুতর জখম আরও একজন। বর্তমানে জখম ওই যুবক এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। মেরামতির জন্য বেশ কিছুদিন ধরে রাত ১০ টা থেকে বন্ধ রাখা হচ্ছে মা উড়ালপুল। গভীর রাতে সেখানেই এই ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে।

জানা গিয়েছে, শুক্রবার ভোর তিনটে নাগাদ ঘটেছে দুর্ঘটনাটি। একটি বাইকে করে দুই যুবক মা উড়ালপুল থেকে এজেসি বোস রোড সংযোগকারী ফ্লাইওভারের দিকে যাওয়ার সময় গার্ডওয়ালে ধাক্কা খায় বাইক। সেই সময়ই বাইক আরোহী শুভম কুমার উড়ালপুল থেকে ছিটকে নিচে পড়ে যান। এদিকে উড়ালপুলেই ছিটকে পড়েন বাইক চালক অঙ্কিত কুমার। তড়িঘড়ি কর্তব্যরত পুলিশ আধিকারিকরা দু’জনকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে। সেখানেই শুভমকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। আহত অঙ্কিতের চিকিৎসা চলছে।

পুলিশের তরফে জানানো হয়েছে, বাইক চালক ও আরোহী দু’জনেই মদ্যপ ছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কিন্তু এই ঘটনায় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। কারণ, বর্তমানে  রাত ১০ টা থেকে বন্ধ রয়েছে মা উড়ালপুল। ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয়েছে উড়ালপুল। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকেন পুলিশ কর্মীরাও। তাঁদের নজরদারি এড়িয়ে কীভাবে ওই যুবকেরা উড়ালপুলে উঠল, তা  নিয়ে প্রশ্ন ইঠছে। যদিও কিভাবে ওই দুই যুবক উড়ালপুলে উঠল তা নিয়ে পুলিশ মুখে কুলুপ এঁটেছে।

 

About Post Author