Home » কীর্তনের আসর পরিনত হল বোমাবাজীর আসরে, ঘটনায় আহত দু’পক্ষের তিন

কীর্তনের আসর পরিনত হল বোমাবাজীর আসরে, ঘটনায় আহত দু’পক্ষের তিন

সময় কলকাতা ডেস্কঃ গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। বোমাবাজির অভিযোগে সরগরম বাঁকুড়ার মেজিয়া বেলবরিয়া গ্রাম। অভিযোগ, বিবাদ চলাকালীন বাড়ির ছাদ থেকে বোমা ছোঁড়েন গদাধর দুবে ও বিপ্লব দুবে। বোমার আঘাতে কেউ হতাহত না হলেও দু’পক্ষের ছোঁড়া ইটের আঘাতে গুরুতর জখম হয়েছেন তিন জন।

স্থানীয় সূত্রে খবর, মেজিয়া থানার বেলবরিয়া গ্রামের বাসিন্দা উত্তম দুবে ও গদাধর দুবে এই দুই পরিবারের মধ্যে বিবাদ দীর্ঘদিনের। ওই গ্রামে গত কয়েক দিন ধরে কীর্তন চলছিল। রবিবার ছিল কীর্তনের শেষ দিন। আর এই শেষ দিনেই হঠাৎ করে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। বচসা ধীরে ধীরে সংঘর্ষের চেহারা নেয়। দু’পক্ষই একে অপরকে লক্ষ্য করে ইট ছুঁড়তে শুরু করে। অভিযোগ, সেইসময় গদাধর দুবে ও বিপ্লব দুবে তাঁর বাড়ির ছাদ থেকে বোমা ছোঁড়ে।

 

এদিকে স্থানীয় বাসিন্দা হেমন্ত দুবে বলেন, ‘‘বিপ্লব দুবে আমাদের পরিবারের এক সদস্যকে প্রথমে মারধর করে। তাতে ক্ষুব্ধ হয়ে কীর্তনে যোগ দেওয়া লোকজন বিপ্লবের বাড়ি লক্ষ্য করে ইট মারে। তখন বিপ্লব ছাদ থেকে নিজে হাতে বোমা ছোঁড়ে।’’

অপর দিকে বিপ্লব দুবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, “ আত্মরক্ষা করার জন্য তিনি ইট ছুঁড়েছেন, কিন্তু কোন বোমাবাজি করেননি। তবে বোমাবাজি অপরপক্ষ করেছে”।

বোমার আঘাতে কেউ হতাহত না হলেও ইটের আঘাতে দুপক্ষের তিন জন জখম হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে মেজিয়া থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ এনেছে দুপক্ষই।

About Post Author