Home » আদালতের নির্দেশে ১০ বছর পর আবার রাজ্যের একাধিক ধর্ষণ-কাণ্ডের তদন্তে দময়ন্তী সেন

আদালতের নির্দেশে ১০ বছর পর আবার রাজ্যের একাধিক ধর্ষণ-কাণ্ডের তদন্তে দময়ন্তী সেন

সময় কলকাতা ডেস্কঃ ফের শিরোনামে দময়ন্তী সেন।এবার কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের চার ধর্ষণকারীর মামলার তদন্ত ভার তুলে দেওয়া  হল কলকাতা পুলিশের প্রাক্তন গোয়েন্দা প্রধান দময়ন্তী সেনের হাতে। এই আই পি এস অফিসার দময়ন্তী সেনের নেতৃত্বে এবার হাইকোর্টের নজরদারিতে তদন্ত চলবে মালদহ,মাটিয়া,দেগঙ্গা এবং বাঁশদ্রোনীর ধর্ষণ মামলার। আপাতত রাজ্য পুলিশের তদন্তেই আস্থা রাখবে কলকাতা হাইকোর্ট।ঠিক ১০ বছর পর আবার রাজ্যের একাধিক ধর্ষণ-কাণ্ডের তদন্তভার পেলেন দময়ন্তী।আগামী ২০ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে বলে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে।বর্তমানে কলকাতা পুলিশের বিশেষ নগরপালের দায়িত্বে রয়েছেন দময়ন্তী সেন।উল্লেখ্য, পার্ক স্ট্রিট কাণ্ডের সময় তিনি ছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান।এদিন কলকাতা হাইকোর্টে উঠে আসে পার্ক স্ট্রিটের সুজেট জর্ডন গণধর্ষণ প্রসঙ্গ।সেই মামলাতেও তদন্তের  দায়িত্বে ছিলেন দময়ন্তী সেন।যদিও এদিন হাঁসখালি ধর্ষণের ঘটনার কোনো তদন্তের কথা বলা হয়নি।

এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন,তদন্তভার গ্রহণে কোনো অসুবিধা থাকলে দময়ন্তী আদালতে জানাতে পারেন।পাশাপাশি তিনি বলেন ,’রাজ্যের পরিকাঠামো থাকার পরেও কেন একই ঘটনা বারবার ঘটছে?তার এই প্রশ্নের উত্তরে অ্যাডভোকেট জেনারেল বলেন,’আমি বাকরুদ্ধ আগে দিল্লি বা দেশের অন্য জায়গা থেকে এমন অভিযোগ পাওয়া যেত।’

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এদিন জানিয়ে দিয়েছে, প্রতিটি ধর্ষণের ঘটনাতে আলাদা আলাদা করে নজরদারি চালাবে কলকাতা হাইকোর্ট।যদি ঠিকমতো তদন্ত না হয় সেক্ষেত্রে অন্য কোনও অবসরপ্রাপ্ত বিচারপতির নজরদারিতে তদন্ত করানো হবে।

About Post Author