Home » জগদ্দলে আকাশ যাদব খুনের তদন্তে পুকুরে তল্লাশি সিবিআইয়ের

জগদ্দলে আকাশ যাদব খুনের তদন্তে পুকুরে তল্লাশি সিবিআইয়ের

সময় কলকাতা ডেস্কঃ জগদ্দলে আকাশ যাদব খুনের তদন্তে সাত সকালেই পুকুরে তল্লাশি শুরু করল সিবিআই। খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের খোঁজে বুধবার বিকেলে পুরানি তলাব এলাকায় ধৃত সুমিত যাদবকে নিয়ে আসে কেন্দ্রীয় তদন্তকারীরা। আর আজ সকালেই ফের অভিযুক্ত সুমিত যাদবকে সাথে নিয়ে পুরানি তালাব এলাকায় পুকুরে তল্লাশি চালায় সিবিআইয়ের ৪ সদস্যের প্রতিনিধি দল। মূলত অভিযুক্ত সুমিত যাদব সিবিআইকে জানিয়েছে খুনে ব্যবহার করা অস্ত্র সে পুকুরে ফেলে দিয়েছিল। সেই অস্ত্র খুজতেই বিপর্যয় মোকাবিলা দলকে নিয়ে আজ জগদ্দলের পুরানি তলাবের পুকুরে সকাল থেকেই তল্লাশিতে নেমেছে সিবিআইয়ের বিশেষ টিম।

প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভার ভোট গণনার পর ভাটপাড়া ও জগদ্দলে ছড়িয়ে পড়ে ব্যাপক রাজনৈতিক হিংসা। ২০২১ এর বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন ২ মে দুপুরে বাড়ির কাছেই গুলিতে নিহত হন পুরানী তলাব এলাকার বাসিন্দা জুটমিল কর্মী আকাশ যাদব। এই খুনের ঘটনায় বার বার করে নাম উঠে এসেছিল গুড্ডু যাদব বলে স্থানীয় এক দুষ্কৃতীর। তারপর থেকেই গুড্ডু যাদব ফেরার ছিল। গত ৭ এপ্রিল রাতে খুনের ঘটনায় মূল অভিযুক্ত গুড্ডু যাদবকে গ্রেপ্তার করে জগদ্দল থানার পুলিশ।

About Post Author