Home » ভাটপাড়ায় পুলিশের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে নরম পানীয় তৈরির অভিযোগ

ভাটপাড়ায় পুলিশের নাকের ডগায় অস্বাস্থ্যকর পরিবেশে নরম পানীয় তৈরির অভিযোগ

সময় কলকাতা ডেস্ক : অস্বাস্থ্যকর পরিবেশে নরম পানীয় তৈরির অভিযোগ উঠল ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে। অভিযোগ দিনের পর দিন অস্বাস্থ্যকর ভাবে শিশুদের জন্য তৈরি হচ্ছিল নরম পানীয়। এমনকি তা বাজারজাত করার সময়ও সঠিক পদ্ধতি অবলম্বন করা হচ্ছিল না বলে অভিযোগ।

কারখানার মালিকের খোঁজ করলে তাকেও এদিন পাওয়া যায়নি বলে অভিযোগ। উপরন্তু বৈধ কাগজ পত্র চাওয়া হলে তা না থাকায় স্থানীয় কাউন্সিলার সত্যেন্দ্র রায়ের কাছে এব্যাপারে অভিযোগ জানানো হয়। পরে পুলিশ এসে কারখানাটি বন্ধের নির্দেশ দেয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে।

সূত্রের খবর নরম পানীয় তৈরির কারখানাটি দীর্ঘদিন ওই এলাকায় রমরমিয়ে চলছিল । অভিযোগ সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে কারখানার কর্মীরা নরম পানীয়গুলিকে প্যাকেটজাত করছিল। দীর্ঘদিন ধরে এই ভাবে কাজ করায় তা প্রথমে নজরে আসে কারখানার প্রতিবেশীদের । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মূলত শিশুদের জন্য নরম পানীয় গুলি তৈরি হত ওই কারখানায় । এরপরই স্থানীয় কাউন্সিলারকে এব্যাপারে অভিযোগ করা হলে তিনি এসে কারখানার বৈধ কাগজ পত্র দেখতে চান । কিন্তু তা না দেখাতে পারায় খবর দেওয়া হয় স্থানীয় ভাটপাড়া থানায়। এরপরই পুলিশ এসে কারখানাটি সিল করে দেয়।

About Post Author