Home » প্রতিবন্ধী নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ময়নাগুড়িতে!

প্রতিবন্ধী নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ময়নাগুড়িতে!

সময় কলকাতা ডেস্কঃ  এক নির্যাতিতার মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিশেষভাবে সক্ষম এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ জলপাইগুড়ির ময়নাগুড়িতে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পাশাপাশি এই ঘটনা প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় ওই নাবালিকার মা পাশের বাড়িতে যান। সেই সময় ওই নাবালিকা বাড়িতে একা থাকার সুযোগে স্থানীয় এক ব্যক্তি নাবালিকার বাড়িতে এসে তাকে নিজের বাড়িতে নিয়ে যায়। নাবালিকার মা বাড়ি ফিরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় চিন্তিত হয়ে পড়েন তিনি। এরপরই প্রতিবেশী এক শিশুর থেকে তিনি জানতে পারেন, এলাকারই এক ব্যক্তি নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছে। তড়িঘড়ি নাবালিকার মা সেখানে গিয়ে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেন। হাত মুখ বেঁধে নাবালিকাকে শ্লীলতাহানির করা হয় বলেই জানান তিনি। নির্যাতিতার পরিবারের তরফে এদিন ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপর ময়নাগুড়ি থানার পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি মহিলা মোর্চা। নির্যাতিতা নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে।

অন্যদিকে, এদিনের এই ঘটনার পরই সিপিএম ও বিজেপি কর্মীরা ময়নাগুড়ি থানায় যান। এদিন বিজেপির মহিলা মোর্চার সদস্যরা থানার ভেতর ঢুকে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এ বিষয়ে বিজেপি মহিলা মোর্চার জেলা সভাপতি দীপা বনিক জানান, ‘সারা রাজ্যে মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এই ঘটনায় তৃণমূলের যোগ রয়েছে।’

এ বিষয়ে সিপিএমের ময়নাগুড়ি মধ্য পশ্চিম এরিয়া কমিটির সদস্য অপূর্বকুমার রায় বলেন,‘অবিলম্বে দোষীর শাস্তি চাই।’যদিও এ বিষয়ে ময়নাগুড়ি ১নং ব্লক তৃণমূলের সভাপতি মনোজ রায়ের দাবি,‘অভিযুক্তর সঙ্গে তৃণমূলের যোগ নেই। বিরোধীরা সস্তার রাজনীতি করতে নেমেছে বলেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে।’

About Post Author