Home » বোলপুরে প্রমোটারের পুকুর ভরাট বন্ধ হল স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে

বোলপুরে প্রমোটারের পুকুর ভরাট বন্ধ হল স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে

সময় কলকাতা ডেস্কঃ বৃহস্পতিবার পুকুর ভরাটকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো বীরভূমের বোলপুরের লায়েকবাজারে। স্থানীয়দের দাবি যে এলাকার একটি পুকুরকে ভরাট করা হচ্ছে বেশ কিছুদিন ধরেই। তবে মাঝখানে একবার ওই এলাকার কয়েকটি ক্লাবের সংগঠন ও বাসিন্দারা বাধা দিলে পুকুর ভরাট বন্ধ হয়ে যায়। কিন্তু আজ সকালে ফের ট্রাক্টরে করে মাটি এনে পুকুর ভরাটের কাজ শুরু করলে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর চিরঞ্জিত সাহা। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসনকেও।

স্থানীয়দের অভিযোগ উত্তম দাস নামে এক ব্যাক্তি  ট্রাক্টর ও গুন্ডাবাহিনী নিয়ে এসে ওই পুকুর ভরাট করছে। যদিও উত্তম দাসের দাবি তার কাছে পুকুর ভরাটের সমস্ত নথি আছে। স্থানীয় সূত্রে জানা গেছে যে এদিন পুকুর ভরাটের কাজ শুরু হলে স্থানীয় ক্লাবের সদস্যরা ও স্থানীয়রা অভিযুক্ত উত্তম দাসের কাছে পুকুর ভরাটের সরকারি নথি দেখতে চাইলে তা দেখাতে অস্বীকার করেন উত্তম বাবু। আর তার পরেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

স্থানীয় কাউন্সিলর চিরঞ্জিত সাহা বলেন যে, আজ থেকে একমাস আগে উত্তম দাস পুকুর ভরাট করতে এলে এলাকার ৫ টি ক্লাব যারা ওই পুকুরে ঠাকুর বিসর্জন দেয়। তারা ও স্থানীয় বাসিন্দারা বাধা দিলে উত্তম বাবু বলেন তিনি  কাউন্সিলরের কথায় মাটি কাটাচ্ছেন বলে দাবি করেন।তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে উত্তম বাবুকে ধমকও দেন স্থানীয় কাউন্সিলর, এবং নথি দেখতে চাইলে তা দেখাতে অস্বীকার করেন উত্তম বাবু।

বোলপুর পুর সভার চেয়ারম্যান পর্ণা ঘোষ জানান যে সকালে আমাদের পুর সভার আধিকারিকরা ঘটনাস্থলে গেলে তাদের মারধোর করে উত্তম দাসের সঙ্গে থাকা গুণ্ডাবাহিনী।এছাড়াও তারা কাউন্সিলর কে গালিগালাজ করে। তিনি আরও বলেন যে এই পুকুর ভরাট  কোনোমতেই হতে দেব না সঙ্গে অন্যান্য পুকুরও আমরা ভরাট করতে দেব না।ইতিমধ্যেই আমরা পুকুরে ফেলা মাটি তোলার কাজ শুরু করে দিয়েছি। এই ঘটনায় পুলিশ উত্তম দাস সহ আরও কয়েকজনকে আটক করেছে বলে জানা গিয়েছে।

About Post Author