সময় কলকাতা ডেস্কঃরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও রমরমিয়ে চলছে বালি ও পাথর পাচারের ব্যবসা।এমনকি দিনের পর দিন নদী দখল করে নদীর মাঝেই গড়ে তোলা হচ্ছে পাথর ভাঙার কারখানা।গত ২৭ এপ্রিল নবান্নতে প্রশাসনিক বৈঠক করে এইসব বেআইনি বালি পাথরের ব্যবসা বন্ধের জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।কিন্তু চব্বিশ ঘণ্টা পেরোতে না পেরোতেই ঠিক তার উল্টো চিত্র ফুটে উঠলো জলপাইগুড়ি জেলার একাধিক প্রান্তে।যা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বালি ও পাথর পাচার নিয়ে যখন মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি দেন তখন ডুয়ার্সের একাধিক পাহাড়ি নদীর বুকে আর্থ রিমুভার ও জেসিবি দিয়ে চলছে বালি ও পাথর চুরি।বিশেষ করে মালবাজার ও ওদলাবাড়ি এলাকায় ঘিস, চেল ও মাল নদীতে পুলিশ প্রশাসনের নাকের ডগায় অবৈধ ভাবে চলছে বালি ও পাথর তোলার কাজ।পাশাপাশি নাগরাকাটা, খেরকাটা, জলঢাকা, ময়নাগুড়ি ও রামশাই এলাকাতেও পুলিশ প্রশাসন ও ভূমি সংস্কার আধিকারিকদের উপস্থিতিতেই চলছে এই ব্যবসা।কোথাও পিকআপে আবার কোথাও ডাম্পার বা ট্রাক্টর করে অনবরত পাচার করা হচ্ছে বালি, পাথর, মাটি।
অন্যদিকে ঘিস নদী দখল করে রীতিমতন বেআইনি ভাবে তৈরি করা হয়েছে ক্রাসার পাথর ভাঙার মিল।যা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে কিভাবে একটি নদী দখল করে নদীর উপরে বেআইনিভাবে এই ক্রাশার তৈরি করা হলো? এমনকি জাতীয় সড়ক থেকে এই বালি খাদান এবং পাথর ভাঙার ক্রাশার দেখা গেলেও কেন পুলিশ প্রশাসন কোন পদক্ষেপ গ্রহণ করছেন না তা নিয়েও উঠছে একাধিক প্রশ্ন।যা নিয়ে বিরোধীরা কটাক্ষ করে বলেছেন সর্ষের মধ্যেই লুকিয়ে আছে ভূত।পুলিশ আধিকারিকদের উপস্থিতিতেই জলপাইগুড়ি এবং ডুয়ার্স জুড়ে এই বেআইনি বালি ও পাথরের ব্যবসা রমরমিয়ে চলছে বলেই অভিযোগ স্থানীয় ও বিরোধীদের।
উল্লেখ্য,বুধবার নবান্ন থেকে রাজ্যের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে একটি ভার্চুয়ালি বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন তিনি নদী থেকে অবৈধ ভাবে পাথর তোলা নিয়ে রীতিমতন ক্ষোভ প্রকাশ করে প্রশাসনকে কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।এই অবৈধ বালি ও পাথর তোলার বিরুদ্ধে পুলিশ প্রশাসন যদি কড়া ব্যবস্থা গ্রহণ না করেন তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।এমনকি রাস্তায় নাকা চেকিং করে অভিযুক্তদের গ্রেপ্তারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত,জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় একের পর এক নদী থেকে বালি ও পাথর পাচার করার ঘটনা ঘটেই চলছে।আর এই ঘটনায় রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশপ্রেমীরা।শাসক দলের নেতাদের মদতেই বেআইনিভাবে বালি পাথর তোলার কাজ চলছে বলেই বিজেপির অভিযোগ।এ বিষয়ে মালবাজারের বিজেপি টাউন ব্লক সভাপতি নবীন সাহা বলেন, ‘মুখ্যমন্ত্রী যতই কড়া নির্দেশের ব্যবস্থা নেওয়ার কথা বলুক,মাননীয়ার দলের নেতারাই এই সমস্ত বালি ও পাথর পাচার চক্র চালাচ্ছে।এই কারণেই দিনের পর দিন এসমস্ত অবৈধ পাচার চক্র সক্রিয় হচ্ছে।


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের