Home » প্রণয় ঘটিত কারণে বচসা, চলল গুলি, আহত প্রতিবাদী এক কিশোর

প্রণয় ঘটিত কারণে বচসা, চলল গুলি, আহত প্রতিবাদী এক কিশোর

সময় কলকাতা ডেস্কঃ প্রণয় ঘটিত কারণে নাবালিকাকে রাতের অন্ধকারে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ এক কিশোরের বিরুদ্ধে।দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের বংশীহারী ব্লকে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে।ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।পাশাপাশি এই ঘটনার পর থেকেই এলাকায় দেখা দিয়েছে রাজনৈতিক চাপানউতোর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বৃহস্পতিবার আনুমানিক রাত ৯টা নাগাদ টিউশন পড়ে বাড়ি ফিরছিল বুনিয়াদপুর পুরসভার ১নং ওয়ার্ডের এক নাবালিকা।সেইসময় হঠাৎই বুনিয়াদপুরের শেরপুর মসজিদ সংলগ্ন এলাকার অন্ধকার রাস্তায় মানিক হালদার নামে এক কিশোর তার পথ আটকায়।এরপরই ওই নাবালিকার সাথে বচসায় জড়িয়ে পড়ে অভিযুক্ত কিশোর।নাবালিকা চিৎকার-চেঁচামেচি করতে থাকলে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসে।এরপর নাবালিকাকে উত্ত্যক্ত করার ঘটনা তারা আটকাতে গেলেই গুলি চালায় অভিযুক্ত মানিক হালদার।ঘটনায় গুলিবিদ্ধ হয় এলাকার অপর এক কিশোর রাজা দাস।এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়।স্থানীয়রা তড়িঘড়ি আহত কিশোরকে উদ্ধার করে প্রথমে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এরপর এলাকাবাসীর তরফে খবর পৌঁছায় বংশীহারী থানায়।খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মানিক হালদারকে গ্রেফতার করে।পাশাপাশি শেরপুর এলাকার রাস্তা সংলগ্ন বাঁশঝাড় থেকে উদ্ধার হয় ঘটনায় ব্যবহৃত  পিস্তলটি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,ওই নাবালিকার সাথে প্রেমের সম্পর্ক ছিল অভিযুক্ত মানিক হালদারের।সম্পর্কের টানাপোড়নের জেরেই সে এমন ঘটনা ঘটিয়েছে বলেই বংশীহারী থানার পুলিশের প্রাথমিক অনুমান।যদিও এ প্রসঙ্গে নাবালিকার পরিবারের অভিযোগ,প্রেম নয়, বেশ কিছুদিন ধরেই অভিযুক্ত কিশোর নাবালিকাকে উত্ত্যক্ত করতো।এমনকি বেশ কয়েক মাস আগে দিল্লি থেকে এসে অভিযুক্ত কিশোর নাবালিকার বাড়ির পাশেই মামার বাড়িতে থাকতো।
অন্যদিকে রাতের অন্ধকারে শহরের বুকে এমন গুলিকাণ্ডের ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ।পাশাপাশি শুক্রবার সকালে সম্পূর্ণ বিষয় নিয়ে সাংবাদিক বৈঠক করেন বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার।এই বিষয়ে তিনি বলেন,‘খুশিপুর এলাকায় একটি ছেলে ও মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক ভেঙে যাওয়ার পরেই বৃহস্পতিবার রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে চড়াও হয় অভিযুক্ত যুবক।স্থানীয়রা বাধা দিতে এলে অভিযুক্তের গুলিতে গুলিবিদ্ধ হয় এলাকার অপর এক কিশোর রাজা দাস।

About Post Author