সময় কলকাতা ডেস্কঃ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের ওপর ভয়াবহ পথ দুর্ঘটনা!আহত হলেন ২৫ জন শ্রমিক।ডুয়ার্সের বীরপাড়া থানার এথেলবাড়ি এলাকার ঘটনা।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে,শনিবার সকাল আটটা নাগাদ জলপাইগুড়ি জেলার গয়েরকাটা সংলগ্ন একটি চা বাগানে কাজ করতে যাচ্ছিলেন চুক্তিভিত্তিক শ্রমিকরা।তাদের সকলের বাড়ি বীরপাড়া থানার তুলসীপাড়া এলাকায়।এদিন তুলসীপাড়া, রামঝোরা সহ বিভিন্ন চা-বাগানের কমপক্ষে ৪০ জন বাসিন্দা একটি মালবাহী গাড়িতে গাদাগাদি করে কাজে যাচ্ছিলেন। এথেলবাড়িতে অন্য একটি গাড়িকে মালবাহী গাড়িটি ওভারটেক করতে গেলে বিপরীতমুখী একটি ছোট লরিকে ধাক্কা মারে গাড়িটি।এরপর গাড়ি থেকে ছিটকে পড়েন শ্রমিকরা।এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে।স্থানীয়দের তরফে খবর পৌঁছায় বীরপাড়া থানায়।খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান।এরপর পুলিশ ও স্থানীয়রা আহত ২৫ জন শ্রমিককে উদ্ধার করে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করান।
ইতিমধ্যেই দু’টি গাড়িকে আটক করেছে বীরপাড়া থানার পুলিশ।যদিও শ্রমিকদের মধ্যে সবার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।অন্যদিকে এই ঘটনার পরই এথেলবাড়িতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।আর এই যানজটের কারণে নাকাল হতে হয় নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে।
প্রসঙ্গত,তরাই- ডুয়ার্সের বিভিন্ন চা-বাগানে দৈনিক মজুরির ভিত্তিতে চুক্তিভিত্তিক শ্রমিকরা কাজ করেন।সকাল হতেই বিভিন্ন এলাকা থেকে হাইওয়ে ধরে দ্রুত বেগে ছুটতে থাকে মালবাহী গাড়ি গুলি।মালবাহী গাড়িতেই বেআইনিভাবে পরিবহণ করা হয় শ্রমিকদের।এর আগেও এ ধরনের শ্রমিক পরিবহণের কাজে যুক্ত মালবাহী গাড়ি দুর্ঘটনায় শ্রমিকদের আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার ফের একই ঘটনার পুনরাবৃত্তি হল।ঘটনার পর বেশ কিছুক্ষণ ওই পথে যান চলাচলে বিঘ্ন ঘটে।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান