Home » গ্যাসের দামে হেঁসেলে টান,অভিনব প্রতিবাদ তৃণমূলের

গ্যাসের দামে হেঁসেলে টান,অভিনব প্রতিবাদ তৃণমূলের

সময় কলকাতা ডেস্কঃক্রমাগত ঊর্ধ্বমুখী পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের দাম।এই পরিস্থিতিতে হেঁসেলে টান পড়ছে আম বাঙালির তথা দেশের সাধারণ মানুষের ।পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে দফায় দফায় চলছে বিক্ষোভ। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও লাগাতার বেড়ে চলেছে জ্বালানীর দাম।গত একমাস ধরে লাগাতার জ্বালানীর মূল্যবৃদ্ধির কারণে বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। ৭ মে শনিবার মধ্যবিত্তের পকেটে কোপ বসিয়ে ফের রান্নার গ্যাসের দাম পঞ্চাশ টাকা বেড়ে গিয়ে হাজার টাকা ছাড়িয়েছে।

সোমবার অভিনব কায়দায় রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করতে দেখা গেল উত্তরপাড়া কোতরং পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ বাজারে তৃণমূলের পক্ষ থেকে।অবিলম্বে রান্নার গ্যাসের দাম কমানোর দাবি তুলে এদিন তারা এই প্রতিবাদ কর্মসূচী শুরু করেন।এরপরই বাড়ি বাড়ি গৃহস্থদের কয়লা ও ঘুঁটে বিতরণ করেন তারা।এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা উত্তরপাড়া কোতরং পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব,উত্তরপাড়া শহর তৃণমূলের সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ, সহ সভাপতি সন্দীপ দাস সহ আরও অনেকে।এ বিষয়ে দিলীপ যাদব বলেন, ‘পুরোনো দিনে উনুনে ঘুঁটে দিয়ে রান্না করতো,কারণ তখন গ্যাসের অভাব ছিল।তবে এখন গ্যাসের দাম এমন জায়গায় পৌঁছে গেছে,যে মোদি সরকার আবার মানুষ কে আদিম যুগে ফিরিয়ে নিয়ে যেতে চাইছেন।ডিজিটাল ভাবে উন্নয়নের কথা বললেও যে ভাবে গ্যাসের দাম বাড়ছে,মানুষের রান্না ঘরে ছ্যাঁকা লাগছে।তাই আমরা প্রতিবাদ স্বরূপ ঘুঁটে আর উনুন দিচ্ছি।

অন্যদিকে বিজেপি নেতা ভাস্কর ভট্টাচার্য এ বিষয়ে কটাক্ষ করে বলেন,’গ্যাস এবং পেট্রোল সারা বিশ্বের সমস্যা।মোদিজীকে দোষারোপ করে তৃণমূল নোংরা রাজনীতি করছে।তৃণমূল আগে নিজেদের ট্যাক্স কমাক।এমন সময় আসবে ঘুঁটের টাকাও তৃণমূলের পার্টি ফান্ডে যাবে।‘

উল্লেখ্য,মাসের শুরুতেই এই দাম বৃদ্ধি কার্যত সাধারণ মানুষকে আরও বিপদে ফেলে দিল বলে অভিযোগ কেন্দ্রের বিরোধী রাজনৈতিক দলগুলির।শনিবার থেকে কলকাতা সহ দেশের সব জায়গায় ফের চড়া হল রান্নার গ্যাসের মূল্য।নতুন করে দাম বৃদ্ধির জেরে কলকাতা সহ বিভিন্ন শহরতলিতে। এবার থেকে রান্নার গ্যাস কিনতে হবে ১০২৬ টাকায়।২০১৪ সালের শেষের দিকে কলকাতায় একবার রান্নার গ্যাসের দাম হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল।সে সময় রান্নার গ্যাসের ওপর ভর্তুকি থাকায় কিছুটা হলেও সুরাহা মিলেছিল গ্রাহকদের।চলতি মাসের শুরুতেই বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে ১০২ টাকা হয়েছিল।কিন্তু সেসময় রান্নার গ্যাসের দাম বাড়েনি।এরপর এক সপ্তাহ কাটতে না কাটতেই নাভিঃশ্বাস অবস্থা মধ্যবিত্তের।

About Post Author