সময় কলকাতা ডেস্ক : অতিমারির কারণে গত দুবছর ২৫ বৈশাখ উপলক্ষ্যে কোনো রকম জনসামাগম হয় নি জোড়াসাঁকোয়। কিন্তু দুবছরের পর করোনার প্রকোপ কমতেই ফের চেনা ছন্দে ফিরে এলো জোড়াসাঁকো ঠাকুর বাড়ি চত্বর। ২৫ বৈশাখ উপলক্ষ্যে তাই এদিন সকাল থেকে কবিগুরুর রচিত গান , কবিতা ও নৃত্যে মুখরিত হয়ে ওঠে ঠাকুর বাড়ি চত্বর। ২৫ বৈশাখ উপলক্ষ্যে সকাল থেকে রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন তার প্রতিকৃতিতে মালা দিয়ে তাকে সম্মান জানান তার বহু রবীন্দ্র অনুরাগী। পাশাপাশি এদিন কবির প্রতি শ্রদ্ধা জানাতে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে উপস্থিত হন কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিম সহ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। তবে সোমবার সকাল থেকে কলকাতা শহরে বৃষ্টি শুরু হওয়ায় কিছুটা হলেও সেই উচ্ছ্বাসে ভাটা পড়ে বলে জানান জোড়াসাঁকোতে আগত দর্শনার্থীরা।
মেয়র ফিরহাদ হাকিম বলেন গত দুবছর করোনার কারণে বন্ধ ছিল এই উৎসব। বাঙালির কাছে দোল , দুর্গাপুজোর মতনই কবিগুরুর জন্মদিন আজও সমান প্রাসঙ্গিক। তাই আজকের এই বিশেষ দিনে জোড়াসাঁকোতে উপস্থিত থাকতে পেরে খুশি তিনি।
অনুষ্ঠানে আগত এক দর্শনার্থী জানান গত দুবছর তিনি করোনার কারণে আসতে পারেন নি। এবার সেই প্রকোপ কিছুটা কমায় ফের এই বিশেষ দিনে তিনি ঠাকুরবাড়ি চত্বরে হাজির হয়েছেন বলে জানান তিনি।
অনুষ্ঠানে আগত শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন সকাল থেকে বৃষ্টি শুরু হলেও উৎসবের আবহে এতটুকু ভাটা পড়ে নি । সব মিলিয়ে রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষ্যে ২৫ বৈশাখ দিনটি আশাপ্রদ হয়ে উঠছে বাঙালির কাছে।
এদিন সকাল থেকে দর্শনার্থীরা ভিড় জমিয়েছিলেন জোড়াসাঁকোর রবীন্দ্র সংগ্রহশালাতেও। পাশাপাশি ২৫ বৈশাখ উপলক্ষে জোড়াসাঁকো ঠাকুরবাড়িকে বিশেষ ভাবে সাজিয়ে তোলা হয় এদিন।


More Stories
ডিমথেরাপিতে গ্রেফতার ২, কথা রাখলেন পথপ্রদর্শক কুণাল!
কালীঘাটে মমতার বাড়ির দোরগোড়ায় সিআইডি
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির