Home » ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’ – বৌবাজারে ফাটল প্রসঙ্গে সরব বিমান বসু

‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’ – বৌবাজারে ফাটল প্রসঙ্গে সরব বিমান বসু

সময় কলকাতা ডেস্কঃ বুধবার বউবাজারের দুর্গাপিতুরি লেনে মেট্রোরেলের কাজ চলাকালীন বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা দেয়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। প্রাণের ভয়ে প্রয়োজনীয় বেশ কয়েকটি জিনিসপত্র নিয়েই বাড়ি ছাড়া হয়েছেন বেশ কয়েকটি পরিবার। ঘটনার পরেই শুরু হয়েছে কলকাতা পুরসভা এবং মেট্রোরেল কর্তৃপক্ষ – একে অপরকে দোষারোপের পালা। এবার সেই বউবাজারের ঘটনা নিয়েই মুখ খুললেন বামফ্রন্টের প্রাক্তন চেয়ারম্যান বিমান বসু। ‘ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না’ – বৌবাজার ফাটল প্রসঙ্গে একপ্রকার মেট্রো কর্তৃপক্ষকে বিঁধলেন বাম নেতা বিমান বসু।

২০১৯ এর পর ফের ২০২২। সময়ের ব্যবধান প্রায় ২ বছর। কিন্তু বউবাজারে একই ঘটনা ফের ঘটল। প্রসঙ্গত ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ চলাকালীনই ২০১৯ সালে একবার ফাটল দেখা গিয়েছিল বউবাজারের দুর্গাপিতুরি লেনের বেশ কয়েকটি বাড়িতেই। ঘরছাড়া হয়েছিলেন বহু মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় ৪০ টি বাড়ি। বিপুল ক্ষতি হয়েছিল ব্যবসারও। কোনক্রমে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন সেখানকার মানুষেরা। কিন্তু, সেই দুঃস্বপ্নের রেশ কাটতে না কাটতেই ফের বউবাজারের সেই দুর্গাপিতুরি লেনেই মেট্রো  রেলের কাজ চলাকলীনই প্রায় ১৪ টি বাড়িতে ফাটল। এবারও ঘড়ছাড়া অনেকেই। মন্দার মুখ দেখছে ব্যবসাও। তবে, এসবের মাঝেও যেন অব্যাহত রাজনৈতিক কাদা  ছোঁড়াছুঁড়ি। এই পরিস্থিতির জন্য মেট্রোরেল কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করেছেন কলকাতা পরসভার মেয়র ফিরহাদ হাকিম। সরব শাসকদলের একাধিক নেতৃত্ব। পাল্টা আক্রমণ শানিয়েছেন বঙ্গ বিজেপির নেতৃত্বরাও। কেন্দ্র-রাজ্যের এই সংঘাতের মাঝেই মেট্রোরেলের কাজ প্রায় ৩ মাস পিছিয়ে যায়। এবার সেই বউবাজারের ঘটনা নিয়েই কেন্দ্রীয় মেট্রোরেল কর্তৃপক্ষকে বিঁধলেন বামফ্রন্টের প্রাক্তন চেয়ারম্যান বিমান বসু। রবিবার হাওড়ায় একটি দলীয় কর্মসূচিতে উপস্থিত হন তিনি। সেখান থেকেই মেট্রোরেল কর্তৃপক্ষের কাজ নিয়ে সরব হন বাম নেতা বিমান বসু। তার মতে, মেট্রো রেল কর্তৃপক্ষের উচিত ছিল প্রকল্প চালুর আগেই ভালো করে মাটি পরীক্ষা করে নেওয়া। এত জায়গায় মেট্রো প্রকল্পের কাজ হল কিন্তু সমস্যা শুধু বৌবাজারের সোনাপট্টিতেই। সুতরাং বোঝাই যাচ্ছে ভালোভাবে মাটি পরীক্ষা করা হয়নি। তারপরেই, মেট্রোরেল কর্তৃপক্ষকে বাংলার এই প্রবাদ বাক্যটি মনে করিয়ে দেন বাম নেতা বিমান বসু। পাশাপাশি তিনি জানান, এখন যে মাটি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত যদি আগে নেওয়া হত, তাহলে হয়তো এই সমস্যা তৈরি হত না।

এদিন, ত্রিপুরায় বিপ্লব দেবের আকস্মিক ইস্তফা নিয়েও মুখ খোলেন বামফ্রন্টের প্রাক্তন চেয়ারম্যান। সে রাজ্যে বিজেপির অভ্যন্তরে গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। তাই বিপ্লব দেবকে সরিয়ে ফের রাজ্য সভাপতি পদে আনা হয়েছে। একপ্রকার আক্রমণের সুরেই তিনি জানান, ত্রিপুরার গণ সংগ্রাম নেতৃত্ব দশরথ দেব বর্মার মূর্তি বিজেপি ভেঙেছে। অনেক দলীয় কার্যালয়ও ভাঙা হয়েছে। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন তিনি। তার দল সেই রাজ্যে হারিয়ে যাওয়া গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে বলে দাবি বর্ষীয়ান বাম নেতা বিমান বসুর।

About Post Author