সময় কলকাতা ডেস্কঃ বাস ডিপো থাকলেও অমিল বাস পরিষেবা। নিত্যদিনই ভোগান্তির শিকার হচ্ছেন মালদহের চাঁচোলের কলিগ্রামের বাসিন্দারা। প্রতিবাদে মঙ্গলবার নবনির্মিত বাস ডিপোর মূল ফটকের সামনেই ফেস্টুন হাতে নিয়ে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা।
উল্লেখ্য, মাস ছয়েক আগে রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম উদ্বোধন করেছিলেন কলিগ্রাম বাস ডিপো। নারকেল ফাটিয়ে, বাস চালিয়ে উদ্বোধন করা হয়েছিল কলিগ্রামে এই বাস ডিপো। বাস ডিপোটিতে যাবতীয় পরিকাঠামো তৈরি করা হয়েছে। জানানো হয়েছিল, পরদিন থেকেই এই ডিপো থেকে সরকারি বাস যাত্রী নিয়ে চলাচল করবে। কিন্তু, সেই কথা শুধু প্রতিশ্রুতি হিসেবেই রয়ে গিয়েছে বলে অভিযোগ। ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সরকারি বাস ডিপোটিতে বর্তমানে ঝুলছে তালা। এখনও পর্যন্ত ডিপো চালু না হওয়ায় সমস্যার সম্মুখীন হচ্ছেন কলিগ্রাম, খরবা, মতিহারপুর সহ বিভিন্ন এলাকার মানুষজন। আর এই সুযোগেই তালাবন্ধ ঝাঁ চকচকে ডিপোই এখন হয়ে উঠেছে অসামাজিক কার্যকলাপের আখড়া। স্থানীয়দের দাবি, অবিলম্বে চালু করা হোক এই বাস পরিষেবা।
যদিও, বাস চলাচল বন্ধ থাকার বিষয়টি নিয়ে প্রশ্ন করলে সেভাবে কিছুই বলতে নারাজ বাস ডিপোর আধিকারিক যোগেশচন্দ্র বর্মণ। স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের অর্থনৈতিক অবস্থা মুখ থুবড়ে পড়েছে। কটাক্ষ বিজেপির মালদহ জেলার যুব মোর্চার সহ সভাপতি সুমিত সরকারের। যদিও, বিরোধীদের অভিযোগকে পাত্তা দিতে নারাজ শাসকদলের নেতৃত্ব। রাজনৈতিক তরজার মাঝেই দ্রুত বাস ডিপো চালু হওয়ার অপেক্ষায় চাঁচোলবাসী।


More Stories
ময়নাগুড়িতে গাড়ি দুর্ঘটনায় নিহত ২ তরুণী , আহত ৫
মধ্যমগ্রামে ভয়াবহ আগুন, মৃত্যু ১
রাজনীতির উর্দ্ধে উঠে নেতা যখন পরীক্ষার্থীদের মুশকিল আসান