Home » এবার কি পরেশ-পার্থকে মুখোমুখি বসিয়ে জেরা সিবিআই-এর ?

এবার কি পরেশ-পার্থকে মুখোমুখি বসিয়ে জেরা সিবিআই-এর ?

সময় কলকাতা ডেস্কঃ তৃতীয়বার সিবিআই তলবের মুখে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী।শনিবার সকাল ১১ টার আগেই নিজাম প্যালেসে উপস্থিত হন তিনি। সঙ্গে ছিল একটি ফাইল। সূত্রের খবর, কিভাবে চাকরি পেয়েছিলেন মেয়ে অঙ্কিতা, কার মাধ্যমে চাকরি পেয়েছিলেন, কাউকে টাকা দিতে হয়েছিল কিনা – সেই সংক্রান্ত তথ্য জানতেই ফের সিবিআই তলব করে পরেশ অধিকারীকে।

শুক্রবারই পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে স্কুলের চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি, এ যাবৎ দেওয়া সমস্ত বেতন দুটি কিস্তিতে ফেরত দেওয়ারও নির্দেশ দেয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, মঙ্গলবার থেকে টানা দুদিন সিবিআই তলব এড়িয়ে যাওয়ার পর বৃহস্পতিবার সিবিআই দফতরে হাজিরা দেন পরেশ অধিকারী। টানা ৩ ঘন্টা জেরার পর ফের শুক্রবার সিবিআই তলবের মুখোমুখি হন তিনি। চলে টানা ১০ ঘন্টা জেরা। শনিবার আবার ডেকে পাঠানো হয় পরেশ অধিকারীকে সিবিআই দফতরে। সূত্রের খবর, পরেশ-পার্থকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারে সিবিআই। প্রয়োজনে শিক্ষা সচিব মনীশ জৈনকেও ডাকতে পারে সিবিআই, এমনটাই সূত্রের খবর।

উল্লেখ্য, উচ্চ মাধ্যমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করেন ববিতা সরকার নামের এক পরীক্ষার্থী। অভিযোগ, মেধাতালিকায় নাম না থেকেও চাকরি পেয়েছেন পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী। তার দাবি, অঙ্কিতার নম্বর তাঁর থেকে কম ছিল। তারপরেই সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। সিবিআই তলবের মুখে পরেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে। পরেশ অধিকারী হাজিরা দিলেও হাজিরা এড়িয়ে যান অঙ্কিতা অধিকারী। বর্তমানে হাইকোর্টের নির্দেশে চাকরি খুইয়েছেন অঙ্কিতা অধিকারী।

About Post Author