Home » এই প্রথম মঞ্চে একসঙ্গে নাচবেন সৌরভ ও ডোনা

এই প্রথম মঞ্চে একসঙ্গে নাচবেন সৌরভ ও ডোনা

সময় কলকাতা ডেস্কঃ খুব শীঘ্রই শেষ হতে চলেছে দাদাগিরি সিজন নাইন। গ্র্যান্ড ফিনালে পর্বের শুটিংও ইতিমধ্যেই সেরে ফেলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শোনা গিয়েছে, এই পর্বেই একটা বড় চমক দিতে চলেছেন দাদা। এতদিন, দাদাগিরির মঞ্চে বিভিন্ন অভিনেত্রীর সঙ্গে নাচে পা মিলিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে দাদাগিরিতে এই প্রথম অনস্ক্রিনে একসঙ্গে নাচতে দেখা যাবে সৌরভ ও ডোনাকে। দাদাগিরির শেষ পর্বে তারই বেশ কিছু ঝলক দেখতে পাবেন দর্শকরা।

শুক্রবার দাদাগিরির গ্র্যান্ড ফিনালের শুটিং হয়। বিশ্ববাংলা কনভোকেশন সেন্টারে প্রায় ৯ ঘণ্টা ধরে চলে শুটিং। জানা গিয়েছে, সৌরভ ও ডোনা ‘আঁখো মে তেরি আজব সি আজব সি অদায়েঁ হ্যায়’ গানে একসঙ্গে পা মেলাবেন দাদাগিরির মঞ্চে। পাশাপাশি অন্তিম পর্বে থাকবে আরও চমক। এই পর্বে হাজির থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়। প্রতিযোগীদের খেলায় সাহায্য করবেন প্রসেনজিৎ। এছাড়াও গ্র্যান্ড ফিনালেতে গান গেয়ে মঞ্চ মাতাবেন রূপম, সোমলতা আচার্য, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, জোজো। আগামী ৫ জুন দাদাগিরির গ্র্যান্ড ফিনালে সম্প্রচারিত হবে।

ডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরীর সঙ্গে যুক্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। দীক্ষামঞ্জরীর যে কোনও অনুষ্ঠানে তাঁকে উপস্থিত থাকতে দেখা যায়। তবে, এভাবে মঞ্চে ডোনার সঙ্গে কখনও নাচতে দেখা যায়নি সৌরভকে। ‘দাদাগিরি’-তে সেই বড় চমক দেখার অপেক্ষায় দর্শকরা।

About Post Author