সময় কলকাতা ডেস্কঃ সপ্তাহখানেক আগেই বসিরহাটে নুসরত জাহানের নামে ‘নিখোঁজ’ পোস্টার পড়েছিল। এবার সেই নুসরতকেi দেখা গেল একেবারে অন্য ভূমিকায়। কোমরে কাপড় বেঁধে ঠাকুরের খিচুড়ি ভোগ রান্না করলেন অভিনেত্রী সাংসদ নুসরত জাহান। সঙ্গে দিলেন সম্প্রীতির বার্তাও। সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

শনিবার সন্ধ্যায় বসিরহাট মহকুমার বসিরহাট ২ নম্বর ব্লকের খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর-গোবিন্দপুর ভদ্রকালী শ্মশানের কালীপূজায় নিমন্ত্রিত ছিলেন নুসরত। এদিনের এই পুজোর উদ্বোধন করেন তিনি। শুধু উদ্বোধনই নয়, ঠাকুরের ভোগ রান্নাতেও হাত লাগান নুসরত। একেবারে পেশাদার রান্নার ঠাকুরের মতো খুন্তি নেড়ে, মশলা ঢেলে খিচুড়ি ভোগ রান্না করতে দেখা গেল সাংসদ অভিনেত্রীকে। তাকে রান্না করতে দেখে অভিভূত হয়ে যান এলাকাবাসীরাও। কোমরে একেবারে কাপড় বেঁধে খুন্তি নাড়ছেন অভিনেত্রী-সাংসদ নুসরত জাহান। নুসরতের একটি ফ্যান পেজ ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেছে।
বসিরহাটে নাকি সাংসদ নুসরতকে আর দেখা যাচ্ছে না। সেটা বোঝাতেই গোটা বসিরহাট জুড়ে নুসরতের নামে ‘নিখোঁজ’ পোস্টার পড়েছিল। তারপর থেকেই যথেষ্ট সক্রিয় ছিলেন তিনি। শনিবার ফের বসিরহাটে একাধিক কর্মসূচি ছিল তাঁর। সেইসঙ্গে মায়ের ভোগ রেঁধে জনসংযোগের কাজও করলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে কোথাও যেন নিজের অস্তিত্ব জানান দিতে চাইলেন নুসরত। ফলে একদিকে যেমন প্রশাসনিক কাজ সামলাচ্ছেন অন্যদিকে জনসংযোগ বাড়ানোর জন্য নিজেই উদ্যোগী হয়েছেন। এদিনের এই কালীপুজো উপস্থিত হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য বার্তা দেন তিনি। অন্যদিকে এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায় এবং খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান অপরেশ মুখার্জি সহ অন্যান্য দলীয় নেতৃবৃন্দ।


More Stories
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?
বোমা-বন্দুক আনব, তৃণমূল নেতাদের গণপিটুনির হুঙ্কার দিলীপ ঘোষের
জ্ঞানেশ কুমারের অপসারণ কতটা সম্ভবপর?