Home » রেলের বিরুদ্ধে একাধিক অভিযোগে বিক্ষোভ

রেলের বিরুদ্ধে একাধিক অভিযোগে বিক্ষোভ

সময় কলকাতা ডেস্কঃ রেলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগে বিক্ষোভ বাসিন্দাদের। মালদহের হরিশচন্দ্রপুর রেল স্টেশনের ঘটনা। যদিও, সমস্ত অভিযোগ নিয়ে মুখে কুলুপ এঁটেছেন স্টেশন মাস্টার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার মালদহের হরিশচন্দ্রপুর রেল স্টেশনে একাধিক অভিযোগ নিয়ে বিক্ষোভে সামিল হন স্থানীয়রা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে টিকিট কাউন্টার। রিজার্ভেশন টিকিট নিয়েও শুরু হয়েছে দালাল চক্র। এমনকি মহিলাদের শৌচাগারের কোন ব্যবস্থা নেই। দিনের বেশিরভাগ সময় ওয়েটিং রুমে তালা ঝোলানো থাকে। রেল স্টেশনের বাইরে যত্রতত্র বেআইনি ভাবে দোকান ঘর বসানো হয়েছে। সেই কারণেই রোজ নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্যযাত্রীদের। এছাড়াও স্টেশনে কোন পার্কিং ব্যবস্থাও নেই বলেও অভিযোগ। এ বিষয়ে অভিযোগ জানাতে গেলে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ কোনো কথাই শুনতে না চাওয়ায় এদিন প্রতিবাদে হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশনের, স্টেশন মাস্টার রাজদেব রামকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। এই প্রতিবাদে সামিল হন হরিশচন্দ্রপুরের কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মুস্তাক আলম।

স্টেশন থেকে রিজার্ভেশন টিকিট নিয়ে রেলওয়ে আধিকারিকদের একাংশের মদতে দালাল চক্র চলছে বলেই জানান প্রাক্তন বিধায়ক মুস্তাক আলম। যত শীঘ্র সম্ভব অবিলম্বে এ ব্যাপারে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে অভিযোগ জানানো হবে বলেন তিনি। যদিও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন হরিশ্চন্দ্রপুর রেলওয়ে স্টেশন মাস্টার রাজ দেব রাম। যাত্রীদের বিক্ষোভ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।

About Post Author